বাংলাদেশে ব্যান্ড সংগীতের সংগঠন মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা)। এ সংগঠনের কনসার্ট ঘিরে তুমুল আগ্রহ থাকে দর্শকের। দেশসেরা ব্যান্ডের জনপ্রিয় গানগুলো এক আঙিনায় বসে শোনার সুযোগ থাকে এ কনসার্টে। কয়েক বছর বিরতির পর আবার কনসার্টের আয়োজন করতে যাচ্ছে বামবা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে শিক্ষার্থীদের সমর্থনে রাস্তায় দাঁড়িয়েছিল ব্যান্ডের এ সংগঠন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এ কনসার্টের নাম দেয়া হয়েছে ‘মুক্তি কনসার্ট’। ৩১ আগস্ট কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা।

সোমবার বিকালে ‘বাংলাদেশী ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটি’ নামে সংগঠনটির ফেসবুক ফ্যান পেজে খবরটি প্রকাশ করা হয়। তবে ভেন্যু ও অংশগ্রহণকারী দলের সংখ্যার ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। এদিনই বামবার সহসভাপতি শেখ মনিরুল আলম টিপু খবরটি নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, আমরা ৩১ আগস্ট বামবার কনসার্ট আয়োজন করার পরিকল্পনা করেছি। এ বিষয়ে দুপুরে একটি মিটিং হয়েছে। এখন আরেকটি মিটিং চলছে, সংগঠনের সবাই মিটিংয়ে আছি। পরে বিস্তারিত জানানো হবে।’

এদিকে ফেসবুক ফ্যান পেজে খবরটি প্রকাশ হওয়ার পর মন্তব্যের ঘরে শ্রোতাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যের ঘরে কেউ কেউ কনসার্টটির জন্য শুভকামনা জানিয়েছেন। ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় বামবার সাহসী উদ্যোগের প্রশংসা করে লিখেছেন কেউ কেউ। সারা দেশের আন্দোলনকারী ছাত্রদের জন্য সব বিভাগীয় শহরে এর আয়োজন করার কথাও বলেছেন অনেকে।

আবার কেউ লিখেছেন, আন্দোলনে অংশগ্রহণকারী অনেকেই এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ কারণে কনসার্টটি এখনই না করার অনুরোধও এসেছে।