কবি নির্মলেন্দু গুণের উপন্যাস দেশান্তর থেকে সিনেমা নির্মিত হয়েছে। সরকারি অনুদানের এ সিনেমার নাম ‘দেশান্তর’। অনেক আগেই সিনেমার শুটিং শেষ হয়েছে। এর প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। আর এ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। দেশান্তরের মধ্য দিয়েই দীর্ঘ দিন পর বড় পর্দায় ফিরছেন তিনি। এ সিনেমায় মৌসুমীর বিপরীতে রয়েছেন গুণী অভিনেতা আহমেদ রুবেল।

একজন নারীর সাহস ও জীবন সংগ্রাম আর দেশপ্রেমের গল্প নিয়েই এ সিনেমা। এটি নির্মাণ করেছেন আশুতোষ সুজন। নির্মাতা জানিয়েছেন সব ঠিক থাকলে ১১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দেশান্তর। মুক্তি সামনে রেখে বুধবার সন্ধ্যা ৬টায় ষোলশহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৫তম ব্যাচের বন্ধুদের সংগঠন ‘ঝুপড়ি’র কার্যালয়ে ট্রেলারটি প্রদর্শিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক আশুতোষ সুজনসহ সিনেমার অন্য কলাকুশলীরা।

সম্প্রতি দেশান্তরের পোস্টার প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিনেমাটির পোস্টার শেয়ার করে কবি নির্মলেন্দু গুণ লিখেছিলেন, ‘আমার উপন্যাস অবলম্বনে চিত্রপরিচালক আশুতোষ সুজন নির্মিত সরকারি অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য ছবি দেশান্তর। এটি এখন সেন্সর বোর্ডে আছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে ছবিটি মুক্তি পাবে। বাংলা চলচ্চিত্রে এ ছবি নতুন মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস। ছবিটি দেখার জন্য মানসিক প্রস্তুতি নিন। দেশভাগের ওপর এ রকম ছবি এর আগে কখনো নির্মিত হয়নি।’

এর আগে সিনেমাটি নিয়ে মৌসুমী বলেন, এ সিনেমার প্রাণ হচ্ছে গল্পটি। অন্নপূর্ণা চরিত্রটিও দুর্দান্ত। এমন একটি চরিত্রে কাজ করার মধ্যে চ্যালেঞ্জ আছে, আছে আনন্দও। সব মিলিয়ে ভালো একটা সিনেমা উপহার পাবেন দর্শক। ভক্ত ও দর্শকদের অনুরোধ করব প্রেক্ষাগৃহে গিয়ে দেশান্তর দেখতে।

মৌসুমী ছাড়াও দেশান্তরে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, শুভাশীষ ভৌমিক, ইয়াশ রোহান, রোদেলা টাপুর প্রমুখ।