জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বহু নাটকে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। আগামী ঈদ উপলক্ষে বাংলাভিশনে প্রচারের জন্য নাট্যনির্মাতা সাজিন আহমেদ বাবুর পরিচালনায় খণ্ড নাটক ‘অশিক্ষিত এমডি’তে অভিনয় করেছেন। এরই মধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকে মোশাররফ করিমের সঙ্গে আবারো অভিনয় করার সুযোগ পেলেন অভিনেত্রী শাকিলা পারভীন। তাই ভীষণ উচ্ছ্বসিত শাকিলা পারভীন। নাটকে মিজান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেতা খায়রুল আলম সবুজ। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে মোশারফ করিম বলেন, ‘সাজিনের নির্দেশনায় এর আগেও বেশকিছু ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। যেহেতু সাজিন নিজেই নাট্যকার। তাই নিজের মনের মতো করে একটি ভাবনা, একটি গল্প দাঁড় করিয়ে তার চিত্রায়ণ করার চেষ্টা করে। সাজিনের মধ্যে ভালো কাজ করার প্রবল চেষ্টা আছে। শাকিলা চরিত্র বুঝে ভালো করার চেষ্টা করে। চেষ্টা অব্যাহত থাকলে আগামীতে আরো ভালো করবে। নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আমার কাছে খুব ভালো লেগেছে।’ শাকিলা পারভীন বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও একটি নাটকে অভিনয় করেছি। তবে এবারের নাটকটির গল্প যেমন এক কথায় মনের মতো, ঠিক তেমনি আমার চরিত্রটাও দারুণ। ধন্যবাদ সাজিন আহমেদ বাবু ভাইকে, আমাকে মোশাররফ ভাইয়ের সঙ্গে জুটি হিসেবে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য। মোশাররফ ভাই অনেক গুণী ও অত্যন্ত মেধাবী একজন অভিনেতা। তার সঙ্গে আসলে স্ক্রিন শেয়ার করা জীবনের অনেক বড় প্রাপ্তি হিসেবেই বিবেচনা করব আমি। তিনি আমাকে এ নাটকে অভিনয়ের ক্ষেত্রে ভীষণ সহযোগিতা করেছেন, অনুপ্রেরণাও দিয়েছেন। আমি নাটকটি প্রচারের অপেক্ষায় আছি।’ সাজিন আহমেদ বাবু জানান, এর আগে তার নির্দেশনায় মোশাররফ করিম ধারাবাহিক নাটক ‘ঘরের শত্রু বিভীষণ’সহ অন্যান্য নাটক ‘কিড সোলায়মান’, ‘পোশাকে বংশের পরিচয়’, ‘উচ্চতর ভালোবাসা’ নাটকে অভিনয় করেছেন। এছাড়া আগামী ঈদেই প্রচারে আসবে ‘স্বভাব দোষ’ নাটকটি। এর আগে মোশাররফ করিম ও শাকিলা পারভীন মেহেদী রনির পরিচালনায় ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’ নাটকে অভিনয় করেছিলেন।
ঈদে আসছে মোশাররফ-শাকিলার ‘অশিক্ষিত এমডি’
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বহু নাটকে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।










