একটা সময় সিনেমার বাজেট হতো লাখ টাকা। আয় হতো সে রকমই। এরপর বাজেট বাড়ল। কোটি টাকার নিচে সিনেমা হয় না। এরপর বাজেট আরো বাড়ল। শত কোটি রুপিতে তৈরি হয় ভারতের সিনেমা। আয়ও শত কোটি রুপির। এমন অনেক তারকা আছেন যাদের সিনেমা শত কোটি রুপি আয় করে। তাদের জন্য এটা যেন কোনো বিষয়ই না। কারা আছেন এ তালিকায়?
প্রথমেই শাহরুখ খানের নাম নিতে হয়। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে তার অনুরাগী। তবে ২০১৮ সালে তার ‘জিরো’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তার পর দীর্ঘ দিন বলিউডে তার কোনও সিনেমা মুক্তি পায়নি। ২০২৩ সালে ফিরলেন তিনি। ‘পাঠান’ বক্স অফিসে সফল হলো। ৫৪৩ কোটি রুপির ব্যবসা করেছিল সিনেমাটি। তবে সেই নজির ভেঙে দেয় শাহরুখেরই ‘জওয়ান’। এ সিনেমা ভারতে ৭৬১ কোটি ৯৮ লাখ রুপির ব্যবসা করেছিল।
গত বছর বক্স অফিসে আলোড়ন ফেলেছিল হরর সিনেমা ‘স্ত্রী ২’। সিনেমাতে মূল চরিত্রে অভিনয় করেন শ্রদ্ধা কপূর। তবে অভিনয়ে নজর কেড়েছিলেন নায়ক রাজকুমার রাও। সিনেমার গল্পেরও বিশেষ ভূমিকা রয়েছে এর সাফল্যের নেপথ্যে। ৫৭৭ কোটি রুপি ব্যবসা করেছিল এই সিনেমা।
তুমুল সমালোচনার মুখে পড়েছিল রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। একেবারে অন্য রকমের চরিত্রে দেখা গিয়েছিল রণবীরকে। সিনেমাটি ‘নারীবিদ্বেষী’ তকমা পেলেও বক্স অফিস সাফল্যে বাধা পায়নি। ভারতে এই সিনেমা ৬৬২ কোটি ৩৩ লাখ রুপির ব্যবসা করেছিল।
চলতি বছরে এখনও পর্যন্ত সবচেয়ে আলোচিত সিনেমা ভিকি কৌশলের ‘ছাভা’। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা গিয়েছে ভিকিকে। এই সিনেমা নিয়ে বিতর্কও হয়েছে। তবে তাতে কোনও প্রভাব পড়েনি বক্স অফিসের আয়ে। ভারতে এই সিনেমা ৫১৯ কোটি ৬ লাখ রুপির ব্যবসা ইতোমধ্যেই করে ফেলেছে। এখনও প্রেক্ষাগৃহে চলছে ছাভ।
৫০০ কোটির বক্স অফিস কালেকশনে উঠে আসে অল্লু অর্জুনের নাম। অল্লুর ‘পুষ্পা দ্য রাইজ়’ আলোড়ন ফেলেছিল বক্স অফিসে। এই সিনেমা ভারতে মোট ৫১৮ কোটি রুপি ব্যবসা করেছে। সিনেমার সিকুয়েলও পাল্লা দিয়েছে প্রথম ভাগের সিনেমার সঙ্গে।










