এইচবিওর হ্যারি পটার সিরিজের শুটিং চলছে। বর্তমানে যুক্তরাজ্যের ওয়ার্নার ব্রাদার্সের লিভসডেন স্টুডিওতে পুরোদমে চলছে কাজ এবং এরই মধ্যে রন উইসলির চার ভাইবোন—ফ্রেড, জর্জ, পার্সি ও জিনি চরিত্রের কাস্টিং ঘোষণা করা হয়েছে।

টুইন ট্রিস্টান ও গ্যাব্রিয়েল হারল্যান্ড অভিনয় করবেন ফ্রেড ও জর্জ উইসলির ভূমিকায়। রুয়ারি স্পুনার হবেন পার্সি উইসলি এবং গ্রেসি কোচরেন জিনি উইসলির চরিত্রে অভিনয় করবেন। এইচবিওর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ঘোষণাটি দেয়া হয়। সেখানে অন-স্ক্রিন ভাইবোনদের মধ্যে আলাস্টার স্টাউটও (রনের চরিত্রে) রয়েছেন। তারা একসঙ্গে সেলফি তুলেছেন।

এইচবিওর ইনস্টাগ্রাম পোস্টে ক্যাপশনে লেখা ছিল, ‘চার্লি এখন রোমানিয়ায় আছে, তবে শিগগিরই আমাদের সঙ্গে যোগ দেবে...’। এ কথা ওয়েসলি পরিবারের দ্বিতীয় সন্তান সম্পর্কে বলা হয়েছে, যিনি হগওয়ার্টস থেকে স্নাতক হওয়ার পর ড্রাগনের ওপর গবেষণা করতে রোমানিয়ায় যান। কে অভিনয় করবেন বড় ভাই বিলের চরিত্রে—চলচ্চিত্রগুলোয় ডমনাল গ্লিসন অভিনয় করেছিলেন—তা এখনো জানা যায়নি।

ডমিনিক ম্যাকলাফলিনকে হ্যারি পটারের চরিত্রে কাস্ট করা হয়েছে। এইচবিও তার ফার্স্ট লুক প্রকাশ করেছে। এরপর হ্যাগ্রিড চরিত্রে নিক ফ্রস্টের লুকও সামনে এসেছে। সিরিজে ম্যাকলাফলিন (হ্যারি), আলাস্টার স্টাউট (রন) ও আরাবেলা স্ট্যানটন (হারমায়োনি গ্রেঞ্জার) তরুণ ত্রয়ী একসঙ্গে অভিনয় করছেন। গত শরতে আয়োজিত এক কাস্টিং কলে ৩০ হাজারের বেশি অভিনেতার মধ্য থেকে তাদের নির্বাচন করা হয়েছে।

সূত্র: ভ্যারাইটি