সালমান খান অভিনীত ‘‌টাইগার থ্রি’ মুক্তি পাচ্ছে রোববার। বহুদিন সালমান খানের সিনেমা মুক্তি পেয়েছে ঈদে। কিন্তু এবার সিনেমা মুক্তি দেয়া হচ্ছে ভারতের সবচেয়ে বড় উৎসব দীপাবলিতে। কিন্তু সালমান গত কয়েক বছর বক্স অফিসে সাফল্য পাননি। মূলত ২০১৭ সালে ‘‌টাইগার জিন্দা হ্যায়’ আসার পর আর কোনো সিনেমা দিয়ে সালমান খান তার পুরনো সাফল্যের ধারা দেখাতে পারেননি। এবার সে সিনেমাটিরই সিকুয়াল আনছেন এবং অগ্রিম টিকিট বিক্রি থেকে মনে হচ্ছে বক্স অফিসে ফের সাফল্য পেতে যাচ্ছেন সালমান এবং এ সাফল্য কেবল সালমান নন, বলিউডের জন্যও গুরুত্বপূর্ণ।

‘‌টাইগার থ্রি’র অগ্রিম টিকিট বিক্রি শুরুর তিনদিনের মাথায় তিন লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। এ থেকে আয় হয়েছে ৮ কোটি রুপি। এদিকে সিনেমাটি মুক্তি পাচ্ছে দীপাবলি উৎসবের দিনে। সেদিন মানুষ ব্যস্ত থাকে উৎসব নিয়ে। কিন্তু এ বিষয়ে চিন্তা না করেই শুক্রবারের মুক্তি থেকে সরে এসেছে যশরাজ ফিল্মস। তাদের বক্তব্য হলো সালমান খানের সিনেমা নিয়ে এ ধরনের চিন্তার প্রয়োজন নেই। দর্শক তার সিনেমা দেখতে যেকোনোদিন থিয়েটারে আসতে রাজি। এর মধ্যে টাইগার জিন্দা হ্যায় আয় করেছিল ৫০০ কোটি রুপির বেশি। এরপর তার কোনো সিনেমাই এ আয় ছুঁতে পারেনি। কিছু সিনেমা বক্স অফিসে ভালো করলেও সিনেমাগুলো দর্শকের কাছে সাড়া পায়নি। ভারত আয় করেছিল ৩০০ কোটি রুপির কিছু বেশি। অথচ ২০০৮-০৯ সালের পর ঈদে সালমানের সিনেমা মানেই ছিল ব্লকবাস্টার। শতকোটির ক্লাবে ছিল ‘‌দাবাং’, ‘‌এক থা টাইগার’ প্রভৃতি। তাই পুরনো সাফল্য আবার ধরতে টাইগার থ্রির কাছেই যেতে হচ্ছে সালমানকে।

কেবল সালমান নন, সিনেমাটি গুরুত্বপূর্ণ বলিউডের জন্যও। বছরের শুরুতে ‘‌পাঠান’ ও এরপর ‘‌জওয়ান’ দিয়ে শাহরুখ খান বলিউডের ব্যবসা ফিরিয়েছেন। তারপর সানি দেওল দিলেন ‘‌গদর টু’। এবার ‘‌নাটাই’ সালমান খানের হাতে। টাইগার থ্রি দিয়ে তিনি বলিউডকে দিতে পারেন বছরের চতুর্থ সেরা সিনেমাটি। বক্স অফিস বিশেষজ্ঞরা মনে করছেন টাইগার থ্রি খুব সহজেই আয় করে নেবে হাজার কোটি রুপি। তার ভক্ত ও টাইগার ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা এতে সাহায্য করবে। এরপর সিনেমাটি গুরুত্বপূর্ণ যশরাজ ফিল্মসের জন্যও।

যশরাজ স্পাই ইউনিভার্স তৈরি করছে। সেখানে পাঠানের পর দ্বিতীয় বৃহত্তম সিনেমা টাইগার থ্রি। এ সিনেমায় থাকছে শাহরুখ খান ও হৃতিক রোশনের ক্যামিও। পাঠানে স্পাই ইউনিভার্সের সূচনা হয়েছিল, কিন্তু টাইগারের ক্যামিও বাদে এটি ছিল সলো ফিল্ম। এবার টাইগার থ্রির মাধ্যমে স্পাইদের যোগসূত্র প্রতিষ্ঠা করতে হবে। যশরাজের যশ ও বলিউডের একটি সম্ভাবনা নির্ভর করছে তাই টাইগারের ওপর।