দিওয়ানা সিনেমা দিয়ে ১৯৯২ সালে অভিনয় ক্যারিয়ার শুরু শাহরুখ খানের। ঋষি কাপুর ও দিব্যা দত্তের সঙ্গে সিনেমাটিতে অভিনয় করেছিলেন তিনি। তারপর কেটে গেছে তিন দশক। সিনেমা ইন্ডাস্ট্রিতে ৩১ বছর পার করলেন ২৫ জুন। চলতি বছরে পাঠান দিয়ে বক্স অফিসে ঝড় তুলে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। এখন জওয়ান মুক্তি দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের ৩১ বছরের পথ চলাকে স্মরণীয় করে রাখতে ‘আস্ক এসআরকে’ সেশনের আয়োজন করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার এ সেশন নেটিজেনদের কাছে দারুণ জনপ্রিয়। যেকোনো উপলক্ষ বা বিশেষ ক্ষেত্রে ভক্ত-অনুরাগীদের সঙ্গে এ সেশনের আয়োজন করেন পাঠানখ্যাত এ অভিনেতা। তাদের সঙ্গে নানা মজার আলোচনা ও কৌতুক করেন তিনি। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। ‘আস্ক এসআরকে’ সেশনে তিনি তার ট্রেডমার্ক কৌতুকপূর্ণ ভঙ্গিতে নিজের ক্যারিয়ার ও জীবনের নানা দিক নিয়ে কথা বলেছেন। পাশাপাশি তিনি কীভাবে নেতিবাচকতাকে সামলান, সে বিষয়েও আলোচনা করেন। 

‘আস্ক এসআরকে’ সেশন অনেকটাই উন্মুক্ত। এখানে ভক্তরা প্রিয় অভিনেতাকে নানা ধরনের প্রশ্ন করেন। এক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। যেমন এক ভক্ত প্রশ্ন করেছেন, ‘আপনি কি আমার সঙ্গে একটি সিগারেট খাবেন?’ এমন প্রশ্নে শাহরুখ কিছুমাত্র বিব্রত হননি। বরং চমৎকার উত্তর দিয়েছেন, ‘আমি আমার বদ অভ্যাসগুলো একাই করি।’

প্রতিটি মানুষের জীবনে বিভিন্ন ধাপ থাকে। সবসময় যে ইতিবাচক ব্যাপার ঘটে, বিষয়টা মোটেও তেমন নয়। মানুষের জীবনে খারাপ সময় আসে। নেতিবাচক অনেক কিছু প্রতিনিয়ত তাকে ঘিরে রাখে। আর সেলিব্রেটি হলে তো কথাই নেই। অনেকের ভালোবাসা যেমন পাওয়া যায়, শত্রুও তো কম জোটে না। এ ধরনের নেতিবাচকতা শাহরুখ খানের জীবনেও আছে। পাঠান মুক্তির আগ পর্যন্ত অভিনয় ক্যারিয়ারটাও ভালো যাচ্ছিল না। এসব তিনি কীভাবে সামলান? এ প্রসঙ্গে শাহরুখ খান বলেন, ‘নেতিবাচকতা ও ইতিবাচকতাকে সামাল দেয়ার সাধারণ দুটি পদ্ধতি আছে। যদি কেউ সমালোচনা করেন, তাহলে বলতে হবে, দুঃখিত, আমি যা করেছি, আপনি তা পছন্দ করেননি। আবার যদি কেউ প্রশংসা করেন, তখন বলতে হবে, আমি যা করেছি, তার প্রশংসা করার জন্য আপনাকে ধন্যবাদ। এতটুকু বলেই সামনে এগিয়ে যেতে হবে। ইতিবাচকতা কিংবা নেতিবাচকতা যেটাই আসুক না কেন, সেখানে আটকে থাকা যাবে না।’

‘আস্ক এসআরকে’ সেশনে অবধারিতভাবে চলে আসে জওয়ান প্রসঙ্গ। সিনেমাটির লুকে শাহরুখের মাথার ব্যান্ডেজের দিকে ইঙ্গিত করে এক ভক্ত মজা করে জানতে চেয়েছেন, সিনেমাটি দেখার সময় সবার কি মাথায় ব্যান্ডেজ পরতে হবে? উত্তরে শাহরুখ বলেন, ‘না। জওয়ানের দিনে জওয়ানির জোশ নিয়েই সিনেমা হলে যেতে হবে।’

আগামী ৭ সেপ্টেম্বর জওয়ান মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস