ইমতিয়াজ আলী পরিচালিত সবচেয়ে জনপ্রিয় সিনেমা জাব উই মেট। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি এখনো জনপ্রিয়। নতুন করে থিয়েটারে মুক্তিও দেয়া হয়েছিল। গীত ও আদিত্যর এ গল্প বলিউডে একটি নতুন ধারার রোমান্টিক সিনেমা উপহার দিয়েছিল। ২০০৭ সালের দিকে বলিউডে কমেডি সিনেমার জয়জয়কার, সে সময় ইমতিয়াজ সিনেমাটি নির্মাণ করেন। কিন্তু মজার ব্যাপার, সিনেমার চিত্রনাট্য চূড়ান্ত করার সময় এর নাম জাব উই মেট ছিল না। সিনেমাটির এমন নাম দেয়ার প্রস্তাব করেছিলেন শহীদ কাপুরের বাবা পঙ্কজ কাপুর। ইমতিয়াজ তার সিনেমার নাম রেখেছিলেন ‘‌গীত’। সম্প্রতি এক সাক্ষাৎকারে শহীদ কাপুর এ তথ্য জানিয়েছেন।

মিড-ডের সঙ্গে কথোপকথনে শহীদ বলেন, ‘‌ইমতিয়াজ তখন একজন নতুন পরিচালক। সে যখন চিত্রনাট্য নিয়ে এল তখন এর ওপরে লেখা ছিল ‘‘‌গীত’’। আমি জিজ্ঞেস করেছিলাম, গীত শব্দটি দিয়ে সে এখানে কী বোঝাচ্ছে। ইমতিয়াজ জানায়, গীত এ গল্পের নায়িকার নাম। আমি তাকে বললাম, এরপর কোনো নায়ককে সিনেমার জন্য প্রস্তাব করার সময় যেন কখনো চিত্রনাট্যের ওপর নায়িকার নাম না থাকে। পরের বার সে যখন চিত্রনাট্য নিয়ে এল, ওপরে লেখা ছিল ‘‘‌ট্রেন’’।’

শহীদ কাপুর বা তার আশপাশের কেউই নামটি পছন্দ করেনি। এরপর মঞ্চে আগমন শহীদের বাবা পঙ্কজ কাপুরের। শহীদ জানান, তার বাবা খেতে খেতে একটা নাম বলে দিয়েছিলেন। তিনি বলেন, ‘‌নামটা বাবার মাথা থেকে এসেছিল। আমি তাকে বলেছিলাম, এমন একটা নাম দরকার যেটার অর্ধেক ইংরেজি আর অর্ধেক হিন্দি। কেননা সিনেমার ধরনটাই তেমন। বাবা আমার কাছে গল্পটা জানতে চাইলেন। তারপর তিনিই জাব উই মেট নামটি বলেন।’

ইমতিয়াজ আলীকে এ নামের কথা বললে তিনি প্রথমে খুব একটা পছন্দ করেননি। তাই পত্রিকায় একটা প্রতিযোগিতা করা হয়। সেখানে তিনটি নাম প্রস্তাব করা হয়েছিল। ভাটিন্ডা এক্সপ্রেস, জাব উই মেট ও তৃতীয় নামটি শহীদের মনে নেই। প্রতিযোগিতায় জাব উই মেট বেশি ভোট পায়। 

সিনেমাটিতে শহীদের চরিত্রটি প্রধান ছিল না। গীতই ছিল প্রধান। কিন্তু শহীদ তবুও সিনেমাটি করেছিলেন, কারণ তিনি এর থিমটি পছন্দ করেছিলেন। শহীদ বলেন, ‘‌গল্প শুনে আমার মনে হয়েছিল এটা নতুন ধরনের একটা লাভ স্টোরি। নতুন সময়ের কথা বলছে। নির্মাণ ও গল্পও নতুন। সে কারণেই সিনেমাটা করা।’

সূত্র: মিড-ডে