নাটক দেখার জন্য টেলিভিশনের পাশাপাশি জনপ্রিয় প্লাটফর্ম এখন ইউটিউব। সেখানে নানা চ্যানেলের মধ্যে অন্যতম জনপ্রিয় সিএমভি। সম্প্রতি চ্যানেলটি একটি মাইলফলক অর্জন করেছে। ইউটিউবে এক কোটি সাবস্ক্রাইবার হয়েছে চ্যানেলটিতে। বাংলাদেশের ক্ষেত্রে এটি একটি রেকর্ড। নাটকের চ্যানেল হিসেবে সিএমভিই এত সাবস্ক্রাইবার পেয়েছে।
২০১৬ সালের ৮ জানুয়ারি শূন্য সাবস্ক্রাইবার দিয়ে শুরু হয় সিএমভি নামের চ্যানেলটির পথচলা। এরপর নয় বছরে চ্যানেলটিতে প্রকাশ পেয়েছে বড় বাজেট, তারকাবহুল ও গল্পসমৃদ্ধ মানসম্মত অসংখ্য নাটক, টেলিছবি ও সিরিজ।
দর্শকের এমন ভালোবাসায় আপ্লুত প্রতিষ্ঠানটির প্রধান এসকে শাহেদ আলী পাপ্পু। তিনি বলেন, ‘শূন্য থেকে শুরু করে ১০ মিলিয়ন, সত্যি বলতে এ পথ কখনই সহজ ছিল না। কিন্তু এ কঠিন পথ পাড়ি দিয়েই আজ সিএমভি এতদূর। এ যাত্রায় সবসময় আমরা পাশে পেয়েছি দেশের সব শিল্পী ও কলাকুশলীকে। সবার পরিশ্রম আর ঘামের যোগফলে সিএমভি গড়ে উঠেছে। দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছে। আমি ধন্যবাদ দিতে চাই প্রতিটি অভিনয়শিল্পী, নাট্যকার, নির্মাতা ও নেপথ্যের কারিগরদের।’
এ যাত্রার সব সহযোগীকে ধন্যবাদ দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি ধন্যবাদ দিতে চাই প্রতিটি কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও বাদ্যযন্ত্রীদের। আমি ধন্যবাদ দিতে চাই সব সাংবাদিক ভাইকে। আমি ধন্যবাদ দিতে চাই সিএমভির প্রতিটি কর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভালোবাসার মানুষকে।’
সিএমভির ইউটিউব চ্যানেলের এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করছেন টিভি ইন্ডাস্ট্রির বেশির ভাগ শিল্পী-নির্মাতা-কুশলী। এর মধ্যে আছেন অভিনেতা লুৎফর রহমান জর্জ, মুশফিক ফারহান, ফারহান আহমেদ জোভান, নাজনীন নিহা, ইয়াশ রোহান, নির্মাতা জাকারিয়া সৌখিন প্রমুখ।
মুশফিক আর ফারহান বলেন, ‘এটা শুধু সিএমভির অর্জন নয়, আমি মনে করি পুরো ইন্ডাস্ট্রির প্রাপ্তি।’
নির্মাতা জাকারিয়া সৌখিন সিএমভির সঙ্গে নিয়মিত কাজ করছেন। তিনি বলেন, ‘এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্যই একটা সুখবর। অভিনন্দন সিএমভি পরিবারের সবাইকে, অভিনন্দন নিজেকেও।’










