গতকাল থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হচ্ছে গাল গাদত অভিনীত সিনেমা ‘‌হার্ট অব স্টোন’। স্পাই থ্রিলারটিতে র‍্যাচেল স্টোন চরিত্রে অভিনয় করেছেন গাল গাদত। এছাড়া আছেন জেমি ডরন্যান ও আলিয়া ভাট। ‘‌হার্ট অব স্টোন’ মুক্তির আগেই ইতিবাচক সাড়া পেয়েছে। সিনেমার প্রচারণা হয়েছিল নেটফ্লিক্সের আয়োজন ‘‌তুড়ুম’-এ। আলিয়া ভাটের জন্য এ সিনেমা গুরুত্বপূর্ণ, পাশাপাশি গুরুত্বপূর্ণ গাল গাদতের জন্যও। কেননা ডিসির সঙ্গে কাজ করা প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীই কোনো না কোনো কারণে ক্যারিয়ারে সংকটের মুখে পড়ছেন। একই কাতারে আছেন গাল গাদত। কেননা আসছে না তার ওয়ান্ডার ওম্যান থ্রি। ডিসির সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা দ্য ফ্ল্যাশে ওয়ান্ডার ওম্যান চরিত্রে ক্যামিও করলেও সর্বশেষ তথ্য অনুসারে, হচ্ছে না ওয়ান্ডার ওম্যান।

ওয়ান্ডার ওম্যান না আসার তথ্যটি চমকে দিয়েছে অনেকটাই। কারণ গাল গাদত নিজেই বলেছিলেন সিনেমাটি আসছে। গাল গাদত জানিয়েছিলেন, গান-স্যাফ্রান ওয়ান্ডার ওম্যান থ্রি নিয়ে কাজ শুরু করেছেন। কিন্তু ভ্যারাইটি জানাচ্ছে, বাস্তবে এমন কিছু ঘটছে না। ওয়ান্ডার ওম্যানের তৃতীয় সিনেমা নিয়ে গান স্যাফ্রানের কোনো পরিকল্পনা নেই। বরং তারা কাজ করছেন ‌প্যারাডাইস লস্টের প্রিকুয়াল নিয়ে। সিনেমা নয়, সিরিজ নিয়ে আসছেন তারা। সিরিজটি স্ট্রিম হবে ম্যাক্সে।

এর আগে গাল গাদত জানান যে ওয়ান্ডার ওম্যান থ্রি নির্মিত হওয়ার সম্ভাবনা আছে। কমিকবুকডটকমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‌ওয়ান্ডার ওম্যান চরিত্রে অভিনয় করতে আমি পছন্দ করি। চরিত্রটি আমার পছন্দের এবং হৃদয়ের খুব কাছের। জেমস গান ও পিটার স্যাফ্রানের কথা থেকে বুঝতে পারি, আমরা ওয়ান্ডার ওম্যান থ্রিতে আবার কাজ করছি।’

এখানেই শেষ নয়। ফ্রন্ট ম্যাগাজিনের সঙ্গে কথোপকথনেও তিনি একই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘‌জেমস গান ও পিটার স্যাফ্রান আমাকে ডেকেছিলেন। তারা আমাকে যা বলেছেন, আমি তাই বলছি। তারা বলেছেন, ‘‌‘‌তুমি এ চরিত্রের জন্য সেরা। আমরা তোমার সঙ্গেই ওয়ান্ডার ওম্যান থ্রি নিয়ে কাজ করব। ওয়ান্ডার ওম্যান হিসেবে তোমাকেই আমরা পছন্দ করি। আমাদের দুশ্চিন্তার কোনো কারণ থাকে না।’’ এখন তাদের কথার পরে কী হয়, তা সময়ই বলে দেবে।’

কিন্তু ভ্যারাইটি তাদের অনুসন্ধান থেকে দেখেছে এমন কিছুই নাকি গাদতের কাছে বলেননি গান-স্যাফ্রান। তারা এ বছরের শুরুতে একটি প্রেজেন্টেশন দিয়েছিলেন ‘‌সুপারম্যান: লেগ্যাসি’ নিয়ে। এর মধ্যে গাল গাদত বা ওয়ান্ডার ওম্যান নিয়ে কোনো আলাপ ছিল না।

এর আগে গান-স্যাফ্রানের হাতে ডিসির সিনেমার ভাগ্য নির্ধারণ হওয়া শুরু করলে কথা উঠেছিল প্যাটি জেনকিনস ওয়ান্ডার ওম্যান ছেড়ে দিচ্ছেন। কিন্তু তিনি জানিয়েছিলেন নিজে সরে যাননি। জেনকিনস টুইটে লেখেন, ‘‌আমি কখনই ছেড়ে যাইনি। সিনেমাটি নিয়ে নতুন করে ভাবার ইচ্ছা ও সুযোগ আমার ছিল। আমি বুঝতে পারি, ডিসি নতুন করে তার সিনেমা সাজাচ্ছে। তাই অনেক কিছুই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।’ জেনকিনসের টুইটের এক ঘণ্টা পর গান লিখেছিলেন, ‘‌আমি নিশ্চিত করে বলতে পারি পিটার ও আমার সঙ্গে তোমার কথোপকথন বন্ধুত্বপূর্ণ ও পেশাদার ছিল।’

গান-স্যাফ্রান জানুয়ারিতেই বলেছিলেন, তারা কাজ করবেন ‘‌প্যারাডাইস লস্ট’ নিয়ে। ম্যাক্সের জন্য নির্মিত এ সিরিজের গল্প থেমিসিয়া দ্বীপকে ঘিরে। তবে গল্পের পটভূমি ওয়ান্ডার ওম্যানের জন্মের আগের। ফলে সেখানে গাল গাদতের থাকার কোনো সুযোগ নেই।

গাল গাদতের হাতে বেশকিছু সিনেমা আছে। এর মধ্যে ওয়ান্ডার ওম্যান নিয়েই বা তিনি কেন ব্যস্ত হলেন তাও একটি প্রশ্ন। সেসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। তবে এটা নিশ্চিত যে আপাতত এজেন্ট স্টোন হয়েই খুশি থাকতে হচ্ছে তাকে। ডায়ানা প্রিন্সের যাত্রা অনিশ্চিত।

সূত্র: ভ্যারাইটি