রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের একচল্লিশতম সম্মেলন শুরু আজ। এতে অংশ নেবেন দেশের পাঁচ শতাধিক শিল্পী ও সংস্কৃতিকর্মী। ‘তুমি নব নব রূপে এসো প্রাণে’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হচ্ছে। বিকাল সাড়ে ৪টায় সম্মেলনের উদ্বোধন করবেন শিল্পী মুস্তাফা মনোয়ার।
মঙ্গলবার ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরা হয়। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহসভাপতি সারওয়ার আলীর সভাপতিত্বে হয় এ আয়োজন। এতে বিস্তারিত পরিকল্পনা জানান পরিষদের সাধারণ সম্পাদক নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনে রবীন্দ্রপদক দিয়ে গুণী সম্মাননা জানানো হবে মুক্তিযোদ্ধা শিল্পী সৈয়দ হাসান ইমাম ও সংগীতজ্ঞ অধ্যাপক আ ব ম নুরুল আনোয়ারকে। এ অনুষ্ঠানের সমাপনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক অনুপম সেন।
শর্মিলা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রবীন্দ্রনাথের বাণী আমাদের উদ্দীপ্ত করুক, জাগ্রত করুক’—এ আকাঙ্ক্ষা নিয়ে এবারের রবীন্দ্রসংগীত সম্মেলনে আমরা মিলিত হব।’ ছায়ানটের এ সংবাদ সম্মেলনে ছিলেন পরিষদের সহসভাপতি মফিদুল হক, সংগীতশিল্পী বুলবুল ইসলাম, লিলি ইসলাম ও লাইসা আহমদ লিসা।
এবার তিনদিনের আয়োজনে থাকছে দেশের ৭২টি শাখা থেকে ৫০০-এর বেশি শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠকের অংশগ্রহণ। প্রথম দিন বিকাল সাড়ে ৫টায় পরিবেশিত হবে গীতি–আলেখ্য আন অমৃতবাণী। গ্রন্থনা মহুয়া মঞ্জরী সুনন্দা ও দীপ্র নিশান্ত। নৃত্য পরিচালনায় সুদেষ্ণা স্বয়ংপ্রভা। পরিবেশনায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখা।
দ্বিতীয় দিন বিকাল ৫টায় আয়োজিত হবে একটি সেমিনার। এবারের বিষয়: নদী তীরের প্রেমের গান। সেমিনারের জন্য প্রবন্ধ রচনা করেছেন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা। সভাপতিত্ব করবেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ড. আতিউর রহমান। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক মো. শাহ আযম শান্তনু ও রবীন্দ্রসংগীত শিল্পী আজিজুর রহমান তুহিন।
দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রবিরশ্মির সুবচনে অংশ নেবেন সংস্কৃতিজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সাড়ে ৮টায় পরিবেশিত হবে লাইসা আহমদ লিসার সংগীত ও শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের নৃত্য পরিচালনায় গীতি–আলেখ্য সবার ওপরে মানুষ সত্য।
শেষ দিন থাকবে প্রতিনিধি সম্মেলন ও তামান্না রহমানের পরিচালনায় নৃত্যম নৃত্যশীলনের পরিবেশনায় নৃত্যালেখ্য ‘বিদায় অভিশাপ’।










