বেশ কিছুদিন বিরতির পর আবারো অভিনয়ে ফিরেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। মাইদুল রাকিবের রচনা ও পরিচালনায় ‘কুক’ নাটকের মধ্য দিয়ে এবার তিনি অভিনয়ে ফিরলেন। এ নাটকে তার বিপরীতে আছেন শামীম হাসান সরকার। সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে জানান শখ। তিনি জানান, ‘কুক’ নাটকে তিনি নাবিলা চরিত্রে অভিনয় করেছেন। গল্পটা ভালো লাগায় তিনি এ নাটকে কাজ করেছেন।
বিরতি ও অভিনয়ে ফেরা প্রসঙ্গে শখ বলেন, ‘আমার মেয়ে হওয়ার কিছুদিন পরই আমি আবারো অভিনয় শুরু করি। হ্যাঁ এটা সত্যি, মেয়ের কারণে সবসময় টানা কাজ করতে পারি না। তবে যখন ভালো গল্প পাই, আম্মু আর আমার হাজবেন্ড ভীষণ সহযোগিতা করেন। তখন মন দিয়ে কাজটা করতে পারি। কুক নাটকের ক্ষেত্রেও তাই হয়েছে। মাইদুল রাকিব আমার কাছে গল্পটা পাঠানোর পর আমার কাছে মনে হয়েছে যে এ কাজ আমি করতে পারি। সব মিলিয়ে ভালো লাগায় কাজটি করেছি। কচি খন্দকার ভাই, শহীদ উন নবী, শামীম হাসান সরকারসহ আরো যারা ছিলেন প্রত্যেকেই বেশ সহযোগিতা করেছেন। মাইদুল রাকিব বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আশা করছি, ভালো লাগবে সবার।’
অভিনয়ের পাশাপাশি শখ স্টেজ শোয়েও নিয়মিত হওয়ার চেষ্টা করছেন। মিডিয়ায় শখের যাত্রা শুরু নাচ দিয়েই। এরপর শিশু শিল্পী হিসেবে নাটকে অভিনয় করেন। সিনেমায়ও নাম লিখিয়েছেন তিনি। এখন পর্যন্ত দুটো সিনেমায় অভিনয় করেছেন তিনি। একটি প্রয়াত এম বি মানিকের ‘বলো না তুমি আমার’, বিপরীতে ছিলেন শাকিব খান। অন্য আরেকটি হচ্ছে সানিয়াত হোসেনের ‘অল্প অল্প প্রেমের গল্প’।










