বাংলাদেশের শিল্পী সুবর্না মোর্শেদা। দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশন (ডিবিএফ)-এর সহায়তায় তৈরি হয়েছে তার শিল্পপ্রকল্প ‘অ্যাগেইনস্ট অল অডস—দ্য কড়াইল ক্রনিকলস’। এটি তিনি উপস্থাপন করেছেন প্যারিসের গ্রাঁ পালেতে আয়োজিত Révélations International Fine Craft & Creation Biennial-এ। আয়োজনটি চলবে ২১-২৫ মে ২০২৫ পর্যন্ত। এ আন্তর্জাতিক শিল্প উৎসবের উদ্বোধন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
এই প্রথমবার বাংলাদেশ রেভেলাসিয়নসে অংশ নিচ্ছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্মানজনক শিল্প উৎসব। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চার শতাধিক শিল্পী তাদের অনন্য কাজ প্রদর্শন করছেন।
অ্যাগেইনস্ট অল অডস প্রকল্পটি ঢাকার কড়াইল বস্তির মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি। এতে দেখানো হয় কষ্টের মাঝেও আছে চেষ্টা, সৃজনশীলতা আর একসঙ্গে এগিয়ে চলার শক্তি। পুরনো লোহা, জুট, পলিপ্যাকেট আর কাপড়ের টুকরো দিয়ে তৈরি এ কাজগুলো দেখায় কীভাবে ‘ফেলে দেওয়া’ জিনিস দিয়েই তৈরি হতে পারে নতুন ভবিষ্যতের ক্যানভাস।

তিনটি ইনস্টলেশন এ প্রকল্পে উপস্থাপন হচ্ছে:
ফিনিক্স অব রিনিউয়াল—পুরনো জিনিস দিয়ে তৈরি এক ফিনিক্স পাখি, যা নতুন করে বেঁচে ওঠার প্রতীক।
কুইল্টস অব রেজিলিয়েন্স—কাঁথার মতো কাপড়ে সেলাই করা জীবনের দৃশ্য, যেখানে আছে পরিবার, বন্ধন, আর হাসিমুখে বাঁচার গল্প।
থ্রেডস অব হোপ—স্বপ্ন ধরা দেয় এমন ড্রিম ক্যাচার, যা কড়াইলবাসীর আশা-ভরসার প্রতীক।
এ প্রকল্প কড়াইলকে একটি সাহসী ও সৃষ্টিশীল কমিউনিটি হিসেবে তুলে ধরছে, যেখানে প্রতিদিনই জন্ম নিচ্ছে নতুন গল্প। কড়াইলের অলিগলিতে ঘুরেছেন সুবর্না। এ নিয়ে তিনি বলেন, ‘এখানকার শিশুরা পথকুকুরের নামকরণ করে। এই ছোট ছোট কোমলতাই তাদের আসল চরিত্রের প্রকাশ। নারীরা প্রতিদিনের কষ্টের আগুনে পুড়ে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়ায়। প্রতিকূলতার মধ্যে তারা দেখায় অদম্য শক্তি ও সাহস।’
প্রকল্পের এক ধাপে শিল্পী সাজিদুল হক এতে যুক্ত হন, যার অংশগ্রহণ এ প্রদর্শনীকে আরো সমৃদ্ধ করে।
প্রদর্শনীটির মাধ্যমে বাংলাদেশের শিল্প বিশ্বমঞ্চে আবার জায়গা করে নিল, যেখানে গল্প উঠে এসেছে ফেলনা জিনিস থেকে আর শক্তি এসেছে মানুষের কণ্ঠ থেকে।










