ঐতিহাসিক সিনেমা আর অ্যাকশনের কারণে একটু পিছিয়েই গেছে বলিউডের রোমান্টিক সিনেমা। এর মধ্যে তেমন সিনেমা যে হয়নি তা নয়, তবে পুরনো নির্যাসটা পাওয়া যাচ্ছিল না। যশ চোপড়ার পর বলিউডের রোমান্স ধরে রেখেছিলেন সঞ্জয় লীলা বানসালি ও করণ জোহর। এর মধ্যে করণের সিনেমার প্রেমের সঙ্গে থাকে পরিবারও। বহুদিন বলিউড এ ধারার সিনেমা পায়নি। তাই দীর্ঘ বিরতির পর করণ ফিরলেন বলিউডের চেনা ছকের রোমান্টিক সিনেমা নিয়ে। আগামী মাসেই মুক্তি পাচ্ছে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘‌রকি অউর রানি কি প্রেম কাহানি’। সিনেমা ইন্ডাস্ট্রিতে করণের ২৫ বছর পূর্তিতে গতকাল প্রকাশ হয়েছে সিনেমার টিজার।

করণের এ সিনেমার টিজার মনে করিয়ে দেয় তার আরো কিছু সিনেমার কথা। বিশেষত কাভি খুশি কাভি গাম। সিনেমায় জয়া বচ্চন ও ধর্মেন্দ্রর উপস্থিতি পারিবারিক আবহ এনেছে। এছাড়া আছেন শাবানা আজমী। বরাবরের মতোই বর্ণিল নির্মাণ করণের। তবে এবারের সিনেমায় করণের নিজের ধারার সঙ্গে যোগ হচ্ছে সঞ্জয়ের ধারা। যেমন লাল পোশাকে সিং-ভাটের নাচের দৃশ্য রাম-লীলা মনে করিয়ে দেয়। আবার বরফের মধ্যে রণবীর-আলিয়ার দৃশ্য মনে করিয়ে দেয় স্টুডেন্ট অব দ্য ইয়ার। মজার ব্যাপার, করণ জোহরের সেট নির্মাণে সঞ্জয় লীলা বানসালির প্রভাব দেখা গেল। একটি নাচের দৃশ্য ‘‌গজানন’ (বাজিরাও-মাস্তানি) ও আরেকটি দৃশ্যে আলিয়ার লুক পদ্মাবতীর দীপিকার সঙ্গে পুরোপুরি মেলে। 

করণ ঠিক কী করতে যাচ্ছেন, তা বোঝা যাচ্ছে না। মোহাব্বতে, স্টুডেন্ট অব দ্য ইয়ার, রাম লীলা, কাভি খুশি কাভি গামের সঙ্গে কিছু দৃশ্যায়ন মিলিয়ে তিনি বলিউড রোমন্টিক সিনেমার ইতিহাসকে ট্রিবিউট দিতেই পারেন, তবে তা এ নির্দিষ্ট সিনেমার জন্য বুমেরাং হয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই। তবে সিনেমাটি নিয়ে আশাবাদ দেখা যাচ্ছে। টিজার মুক্তি পেতে না পেতেই শাহরুখ খান সাধুবাদ জানিয়েছেন। টুইটার হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘নির্মাতা হিসেবে ২৫ বছর পার করলেন করণ জোহর। আমরা অনেকটা পথ এসেছি বন্ধু। তোমার বাবা, আমার বন্ধু টম আঙ্গেল (যশ জোহর) এটা দেখে নিশ্চয়ই অনেক খুশি হবেন। সবসময়ই বলেছি তোমাকে একের পর এক সিনেমা বানাতে হবে, কারণ রোমান্সটা তুমিই দিতে পার। রকি অউর রানি কি প্রেম কাহানির টিজার খুবই সুন্দর লেগেছে। তোমার ও তোমার পুরো দলের জন্য ভালোবাসা।’

সূত্র: হিন্দুস্তান টাইমস