সম্প্রতি দেয়া এক সাক্ষাত্কারে বিস্ফোরক তথ্য দিয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। তিনি জানিয়েছেন, বলিউডের একটি অংশ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তাদের কারণেই তিনি কোণঠাসা হয়ে আছেন। এতে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন একসময়ের জনপ্রিয় এ অভিনেতা।
টাইমস অব ইন্ডিয়াকে গোবিন্দ বলেছেন, ‘গত ১৪-১৫ বছরে আমি অনেক অনেক অর্থ বিনিয়োগ করেছি এবং এর মাধ্যমে প্রায় ১৬ কোটি রুপি জলে গিয়েছে। বলিউডের কিছু মানুষের কাছ থেকে শত্রুতামূলক ব্যবহার পেয়েছি। আমার সিনেমাগুলো সিনেমা হল পায়নি। তারা আমার ক্যারিয়ার ধ্বংস করে দিতে চেয়েছে, যদিও সফল হতে পারেনি। ২০২১ সালে আমি বড় চমক দিয়ে নুতন করে শুরু করতে চাই।’
১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল গোবিন্দ অভিনীত ব্যবসাসফল ছবি কুলি নাম্বার ওয়ান। এ ছবির রিমেকে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও সারা আলী খান। রিমেক ছবিটি গত বছর অ্যামাজন প্রাইমে মুক্তি পায়। ছবিটির বিরুদ্ধে অনেক চেষ্টার পরও কোনো নেতিবাচক মন্তব্য করানো যায়নি গোবিন্দকে দিয়ে। এ প্রসঙ্গে গোবিন্দ বলেন, ‘আমাকে কখনো কারো বিরুদ্ধে বলতে শুনবেন না। কিন্তু অন্যরা প্রায়ই আমার বিরুদ্ধে কথা বলেন। আমি কারো কাজ বিচার করতে যাই না। কারণ আমি সবার কঠোর পরিশ্রম ও বিনিয়োগকে সম্মান করি।’
তার বিরুদ্ধে বলিউডে কোনো চক্রান্ত আছে কিনা এমন প্রশ্নের জবাবে গোবিন্দ বলেন, ‘অবশ্যই ছিল। কথায় আছে যে আপন মানুষও পর হয়ে যায়। ভাগ্য বিরূপ হলে কাছের মানুষও আপনার বিরুদ্ধে চলে যাবে।’
নব্বইয়ের দশকে গোবিন্দ ও ডেভিড ধাওয়ান মিলে অনেকগুলো হিট ছবি উপহার দিয়েছিলেন। কিন্তু একসময় তাদের মধ্যে সম্পর্কে অবনতি হয়। সে সম্পর্কে গোবিন্দ ‘আপ কি আদালত’
শোতে বলেছিলেন যে যখন তার ক্যারিয়ারে একটা শক্ত সমর্থনের প্রয়োজন ছিল ডেভিড ধাওয়ান তখন সাড়া দেননি।
গোবিন্দ জানান, ডেভিড ধাওয়ান তার সহকারীকে বলেছিলেন, আমি আর গোবিন্দর সঙ্গে কাজ করতে চাই না। তাকে বলো ছোটখাটো চরিত্রে কাজ করতে।
সূত্র: ডিএনএ










