দীর্ঘ অপেক্ষার পর আবারও আন্তর্জাতিক মঞ্চে গান গাইতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। রাজনৈতিক জটিলতা ও পাসপোর্ট নবায়নের সমস্যার কারণে দীর্ঘদিন দেশের বাইরে কোনো কনসার্টে অংশ নিতে পারেননি তিনি। অবশেষে ২০২৩ সালে ই-পাসপোর্ট হাতে পাওয়ার পর সেই বিপত্তির সমাপ্তি ঘটে।
তবে শুরু থেকেই আসিফের একটি নীতি ছিল—নিজের ব্যান্ড ‘দি এ টিম’ ছাড়া বিদেশের কোনো কনসার্টে গান করবেন না। সেই নীতির পথেই এগিয়ে তিনি এবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রায় দেড় মাসের জন্য। আগামী ৩০ আগস্ট দেশ ছাড়বেন আসিফ আকবর ও তার দল। সঙ্গে থাকবেন গায়িকা আতিয়া আনিসা।
এর আগে চলতি মাসেই মালদ্বীপের হুলোমালে সিনথেটি গ্রাউন্ডে ‘দি এ টিম’ নিয়ে জমিয়ে গান করেছেন আসিফ। এবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে একের পর এক কনসার্টে দেখা যাবে তাকে। এখন পর্যন্ত ১০টি কনসার্টে গান গাওয়ার বিষয়টি নিশ্চিত হলেও, সংখ্যা আরও বাড়তে পারে বলে জানালেন তিনি।
আসিফের ভাষায়, ‘২০০৬-০৭ সালে ল্যাপটপ মিউজিকের যুগ শুরু হলে বিদেশে কনসার্টে যন্ত্রশিল্পীদের আর নেওয়া হতো না। তখনই সিদ্ধান্ত নিই, দি এ টিম ছাড়া কোথাও গান করব না। ১৭ বছর ধৈর্য ধরেছি। এবার বাফেলোতে ফোবানা কনভেনশনের মাধ্যমে দি এ টিমের বিদেশে নতুন অভিষেক হতে যাচ্ছে।’
দি এ টিমের সঙ্গে থাকছেন—কি-বোর্ডে উজ্জ্বল সিনহা, ড্রামসে বিকাশ রায়, লিড গিটারে শামু বড়ুয়া এবং বেজ গিটারে নাদিমুর রহমান। পুরো সফরের আয়োজন করছে গ্যালাক্সি মিডিয়া। বাংলাদেশ থেকে সমন্বয়ের দায়িত্বে আছেন রূপকথা প্রোডাকশন্সের এনামুল কবীর সুজন।
যদিও সফরটি আনুষ্ঠানিকভাবে দুই মাসের, আসিফ জানিয়েছেন, এত দিন দেশের বাইরে থাকা তার জন্য কঠিন হবে। তাই সেপ্টেম্বরজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অন্তত ১০টি কনসার্টে গান গেয়ে অক্টোবরের শুরুতেই দেশে ফিরতে চান। তবে প্রবাসী ভক্তদের চাহিদায় কনসার্টের সংখ্যা বাড়লে ফিরতে দেরিও হতে পারে।










