কারিনা কাপুর খান ফিরলেন রানীর মতো। যদিও তার সিনেমা মুক্তি পেয়েছে স্ট্রিমিং প্লাটফর্মে, তিনি বাজিমাত করেছেন সেখানেই। সদ্য মুক্তি পাওয়া সুজয় ঘোষের জানে জান নেটফ্লিক্সে পেয়েছে তুমুল জনপ্রিয়তা। সিনেমাটি নেটফ্লিক্সের নন-ইংলিশ সিনেমার মধ্যে বর্তমানে শীর্ষে আছে। এটি এরই মধ্যে ৮১ লাখ ভিউ পেয়েছে। ভ্যারাইটির তথ্যানুসারে, জানে জান ৫২টি দেশে শীর্ষ ১০ কনটেন্টের মধ্যে আছে।

সিনেমাটি নির্মিত হয়েছে জাপানি থ্রিলারের অনুপ্রেরণায়। কেইগো হিগাশিনোর বেস্ট সেলার উপন্যাস ‘‌দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ থেকে সিনেমাটির গল্প নেয়া হয়েছে। বইটি প্রকাশ হয়েছিল ২০০৫ সালে। গল্পটি একজন সিঙ্গেল মাদারকে কেন্দ্র করে। পাশাপাশি সিনেমায় আছে সাসপেন্স। মার্ডার মিস্ট্রি হয়ে ওঠে জানে জান।

এ সিনেমার মধ্য দিয়ে ওটিটিতে যাত্রা করলেন কারিনা কাপুর খান। নতুন এ যাত্রা তার সফল হলো। জানে জান মুক্তি পাওয়ার আগে কথা উঠেছিল সিনেমাটি আদৌ কারিনাকে তার আগের জায়গা ফিরিয়ে দিতে পারবে কিনা। সে যা-ই হোক, কারিনা নিজে খুবই আশাবাদী ছিলেন। সাফল্যে এখন উচ্ছ্বসিত কারিনা। এ নিয়ে তিনি বলেন, ‘‌ওটিটিতে আমার যাত্রা ও নেটফ্লিক্সে জানে জান আসলে পুরস্কৃত হওয়ার মতো একটি ঘটনা। সিনেমাটি স্ট্রিম হওয়ার পরই নানা প্রতিক্রিয়া পাচ্ছি। বহুজন আমাকে মেসেজ করেছেন। কেবল ভারত নয়, সারা বিশ্ব থেকেই পাচ্ছি। তারা আমার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়েছেন যে আমি যেকোনো কিছুই করতে পারব।’

সিনেমায় সুজয় ঘোষ নিজের মতো গল্প সাজিয়েছেন। জাপানি গল্পকে তিনি এনেছেন ভারতের পটভূমিতে। সিনেমার অন্যতম সুন্দর বিষয় ছিল কালিম্পংয়ের উপস্থাপন। সুজয়ের সিনেমায় শহর একটি বিশেষ জায়গা নেয়। এ সিনেমাও তেমনি ছিল। সিনেমায় আরো অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত ও বিজয় বর্মা। এ দুই অভিনেতা সিনেমাটিকে যথাযথ করতে সাহায্য করেছে। কেননা দুজনই এর মধ্যে সিনেমার পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করছেন। এদিকে জয়দীপের ‘‌পাতাল লোক’ ভারতের অন্যতম সেরা সিরিজ হিসেবে গৃহীত। সম্প্রতি মুক্তি পেয়েছে বিজয় বর্মা অভিনীত ‘‌কালকূট’। আগে তিনি অভিনয় করেছিলেন দাহাড় সিরিজে।

জয়দীপকে তুলনামূলক কমই দেখা গেছে গত দুই বছরে। তিনিও একটি নিরীক্ষাধর্মী চরিত্র করলেন জানে জান সিনেমায়। মূলত হিগাশিনোর গল্প বেশ ডার্ক। সেটিকে ভারতীয় মাধ্যমে প্রকাশ করা কঠিন ছিল। সুজয় কাজটি দারুণভাবে করেছেন যার সঙ্গে যুক্ত হয়েছে জয়দীপ ও বিজয়ের অভিনয়। এছাড়া নেটফ্লিক্সে মুক্তি পাওয়া জাপানি গল্পের সিনেমাটি সহজেই দর্শকের মনোযোগ পেয়েছে।

জানে জানের মধ্য দিয়ে হলো কারিনার নতুন পথচলা। বলা যায়, এ সিনেমার মধ্য দিয়েই নায়িকার ভূমিকা থেকে বের হয়ে তিনি ঢুকলেন অভিনেত্রীর চরিত্রে। আর সেখানে শুরুতেই বাজিমাত করেছেন তিনি। এর আগে এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, সিনেমাটি শুরু করার আগে স্বামী সাইফ আলী খান তাকে যথেষ্ট সমর্থন করেছে। এর আগে কারিনা অভিনয় করেছিলেন ‘‌লাল সিং চাড্ডা’য়। আমির খান অভিনীত সিনেমাটি সমালোচিত হয়েছিল। সে হিসেবে জানে জান দিয়ে নতুন করে কারিনার পথচলা শুরু হতেই পারে।

সূত্র ও ছবি: ইয়ন