বাংলাদেশের সিনেমার জনপ্রিয় দুই নায়ক-নায়িকা আমিন খান ও পপি। দুজনের কেউই এখন আর সিনেমায় অভিনয়ে নিয়মিত নন। তবে একটা সময় তারা জুটি হিসেবে দর্শককে বেশকিছু ভালো সিনেমা উপহার দিয়েছেন। সিনেমাপ্রেমী দর্শকও জুটি হিসেবে আমিন খান-পপিকে বেশ ভালোভাবেই গ্রহণ করে নিয়েছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমিন খানের পুরনো সিনেমার কিছু দৃশ্য ভাইরাল হয়। পপিকে নিয়েও নানা সময়ে বিনোদন অঙ্গনে কথা হয়। তারা আজও কোনো না কোনোভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠেন। এখানেই শেষ না। নির্মাণের প্রায় ছয় বছর পর মুক্তি পাচ্ছে তাদের সিনেমা ‘ডাইরেক্ট অ্যাকশন’।

প্রায় অর্ধযুগ আগে সাদেক সিদ্দিকীর ডাইরেক্ট অ্যাকশন সিনেমায় অভিনয় করেছেন তারা দুজন। সিনেমাটি কিছুদিন পর মুক্তি পেতে যাচ্ছে। এ নিয়ে খানিকটা হলেও দুই অভিনেতা উচ্ছ্বসিত। তারা পরস্পরের প্রশংসাও করলেন।

পপি প্রসঙ্গে আমিন খান বলেন, ‘পপি আর আমি যে কটি চলচ্চিত্রে অভিনয় করেছি প্রায় সবগুলোই ব্যবসাসফল হয়েছিল। কিছুদিন আগে হিসাব করে দেখলাম যে অনেক চলচ্চিত্রেই তার সঙ্গে অভিনয় করা হয়েছে।’

পপির অভিনয় নিয়ে আমিন খান বলেন, ‘পপি এমনই একজন নায়িকা, তার অভিনয় জীবনের শুরু থেকেই সবসময়ই চরিত্রানুযায়ী ভালো অভিনয় করার চেষ্টা করে। প্রচণ্ড পরিশ্রমী একজন নায়িকা পপি। ভালো অভিনয় করে বলেই তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। সবচেয়ে বড় কথা হলো চলচ্চিত্রে এখন পপি আর অভিনয় করছে না, কিন্তু বিভিন্ন মাধ্যমে এখনো তার যে উপস্থিতি আমি দেখেছি তাতে বোঝা গেল একজন নায়িকা হিসেবে পপি এখনো সচেতন। এখনো দেখতে পপি সেই আগেরই মতো। তার এ সচেতনতাই তাকে এখনো আলোচনায় রেখেছে।’

পপির জন্য শুভকামনা জানান আমিন খান। অন্যদিকে আমিন খানকে নিয়ে পপি বলেন, ‘আমিন ভাই আমার দেশী ভাই। আমার দেশী হিরো। আপাদমস্তক একজন ভদ্র মানুষ, ভালো মনের মানুষ। সহশিল্পী হিসেবে যখন তার সঙ্গে কাজ করতাম তখন ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কারণ তিনি সবসময়ই একটু বেশি আন্তরিক ও সহযোগিতাপরায়ণ ছিলেন। ফেলে আসা দিনের কত স্মৃতি যে এখন চোখে প্রায়ই ভেসে ওঠে তা আসলে বলে বোঝানোর মতো নয়। আমিও নেই চলচ্চিত্রে অভিনয়ে, আমিন ভাইও নেই। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চাকরি করছেন। জেনেছি তিনি এভাবেই বেশ ভালো আছেন। কাছের সব মানুষ, প্রিয় মানুষ যেখানেই থাকুক যেভাবেই থাকুক ভালো থাকুক এ দোয়াই করি।’

আমিন খান ও পপি প্রথম একসঙ্গে অভিনয় করেন শেখ সুলতান আহমেদ পরিচালিত ‘তোমার জন্য ভালোবাসা’ সিনেমায়। প্রথম সিনেমায় অভিনয় করেই তারা দুজন দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন। এরপর তাদের দুজনকে জুটিবদ্ধ হয়ে ‘মা আমার বেহেস্ত’, ‘মন দিওয়ানা’, ‘হীরা চুনি পান্না’, ‘বিশ্ব বাটপার’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’, ‘ক্ষ্যাপা বাসু’, ‘কসাই’সহ আরো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করতে দেখা গেছে।