দুই বাংলার জনপ্রিয় নায়িকা ইধিকা পাল। আরশাদ আদনান প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। বিপরীতে ছিলেন সুপারস্টার শাকিব খান।

এরপর কলকাতায় মুক্তি পায় ইধিকা অভিনীত ‘খাদান’। এ সিনেমার মাধ্যমেও কলকাতার সিনেমাপ্রেমী দর্শকের মন জয় করেন তিনি। এতে তার বিপরীতে ছিলেন দেব। পরবর্তী সময়ে বাংলাদেশে মুক্তি পায় শাকিব খানের সঙ্গে তার আরেকটি সিনেমা ‘বরবাদ’, যা ব্যবসায়িকভাবে সফল হয়। ইধিকা অভিনীত তিনটি সিনেমা প্রিয়তমা, খাদান ও বরবাদ সবক’টিই ছিল ব্যবসাসফল।

তার অভিনয় করা নতুন সিনেমা ‘রঘু ডাকাত’ দুর্গা পূজা উপলক্ষে ২৫ সেপ্টেম্বর ভারতে মুক্তি পায়। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এ সিনেমায় ইধিকার বিপরীতে ছিলেন দেব। এতে তিনি সৌদামিনী চরিত্রে অভিনয় করেছেন।

মুক্তির পর থেকেই সিনেমাটি একই সময় মুক্তিপ্রাপ্ত অন্য সব সিনেমার চেয়ে বেশি ব্যবসা করছে। ইধিকা জানান, এরই মধ্যে রঘু ডাকাত কয়েক কোটি টাকার ব্যবসা করেছে, যার কারণে এটি ব্যবসাসফল সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে। এখনো হলে হলে দর্শক প্রবল আগ্রহ নিয়ে সিনেমাটি উপভোগ করছে।

তিনি বলেন, ‘সবসময়ের মতো এখনো আমি দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শকের এ ভালোবাসার সত্যিই কোনো তুলনা হয় না। প্রিয়তমা থেকে শুরু করে খাদান, বরবাদ সব সিনেমায়ই দুই বাংলার দর্শকের ভালোবাসা পেয়েছি। যদিও রঘু ডাকাত কলকাতায় মুক্তিপ্রাপ্ত সিনেমা, তার পরও মুক্তির আগে ‘ঝিলমিল ঝিলমিল লাগেরে’ গানটি যখন প্রকাশ পায় তখন দুই বাংলার দর্শকের কাছ থেকেই অভূতপূর্ব সাড়া পেয়েছি। বারবার দর্শকই আমাকে এগিয়ে নিয়েছেন, তারাই আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। তাই কৃতজ্ঞতা সবসময়ই দর্শকের প্রতি। আন্তরিক কৃতজ্ঞতা আমার প্রতিটি সিনেমার প্রযোজক-পরিচালক ও সহশিল্পীদের প্রতিও, বিশেষ করে প্রিয়তমা টিমের কথা তো বলতেই হবে; প্রিয়তমার কারণেই আমি আজকের ইধিকা পাল।’

ইধিকা অভিনয় জীবন শুরু করেন ২০১৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘আরব্য রজনী’-র একটি এপিসোডিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর তিনি ‘কপালকুণ্ডলা’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘রিমলি’ ও ‘পিলু’ ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। এর মধ্যে রিমলি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।