শুক্রবার মুক্তি পেয়েছে ‘অসম্ভব’। সিনেমাটি পরিচালনা করেছেন অরুণা বিশ্বাস। এটি তার পরিচালিত প্রথম সিনেমা। সরকারি অনুদানের সিনেমাটি প্রযোজনা করেছে ‘যাত্রা ভিশন’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, জ্যোৎস্না বিশ্বাস, অরুণা বিশ্বাস গাজী আব্দুন নূর, সোহানা সাবা, স্বাগতা, শতাব্দী ওয়াদুদসহ আরো অনেকে। গল্প ও গানের কারণে সিনেমাটি দর্শকের ভালো লেগেছে। দর্শকের সাড়ায় অভিভূত অরুণা বিশ্বাস। তিনি চেষ্টা করছেন বিভিন্ন হলে গিয়ে দর্শকের সঙ্গে সিনেমাটি দেখার। অসম্ভবের প্রতি দর্শকের ভালোবাসা নিয়ে অরুণা বলেন, ‘আমার বিশ্বাস ছিল যারা সিনেমা হলে যাবেন, তাদের সিনেমাটি ভালো লাগবে। আমি স্টার সিনেপ্লেক্সসহ আরো কয়েকটি সিনেমা হলে গিয়েছি। হলে গিয়ে দর্শকের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেছি। দর্শকের কাছ থেকে সিনেমাটিকে ঘিরে যে প্রশংসা পেয়েছি। বিশেষত যাত্রাশিল্পী নিয়ে তাদের মনে যে কষ্ট দেখেছি এবং এ শিল্পকে ঘিরে তারা যে আরো কত কিছু আশা করেন, স্বপ্ন দেখেন তা অনুভব করেছি।’
তার এ যাত্রায় হলের সঙ্গী হয়েছেন সিনেমার নতুন জুটি সোহানা সাবা ও নূর। সঙ্গে আরো ছিলেন অরুণার ছোট ভাই মিঠু। তারা দেখেছেন, অসম্ভবের শেষ অংশ দর্শকের মন ছুঁয়ে গেছে। এ নিয়ে তিনি বলেন, ‘দর্শকের কাছ থেকে এত এত ভালোবাসা পাব, তা কল্পনাও করিনি। দর্শকের এ ভালোবাসার কাছে আমি ও আমার পুরো অসম্ভব টিম ঋণী। এ ভালোবাসা আসলে কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। এ ভালোবাসা শুধু কাজ, অভিনয়, সৃষ্টি ও নির্মাণ দিয়েই পাওয়া সম্ভব।’ দর্শককে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে অরুণা বিশ্বাস বলেন, ‘অসম্ভব এখনো হলে চলছে। আপনারা সপরিবারে হলে গিয়ে সিনেমাটি দেখে আসুন। ভালো লাগবে।’
সিনেমায় অরুণা বিশ্বাস নিয়ে এসেছেন যাত্রাশিল্পীদের। তাদের জীবন ও যাত্রা শিল্প নিয়ে সিনেমাটি নির্মিত। একটি অজানা অধ্যায়ের গল্প বলে অসম্ভব। সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা আবুল হায়াত। তিনি সিনেমাটি নিয়ে বলেন, ‘দীর্ঘদিন পর আমার অভিনীত কোনো সিনেমা মুক্তি পেল। ইচ্ছা ছিল হলে গিয়ে সিনেমাটি দেখার। কিন্তু তার পরও অনেকেই সিনেমা দেখে তাদের অনুভূতি জানাচ্ছেন। অরুণার জন্য অনেক অনেক দোয়া আর শুভ কামনা রইল।’










