জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত সংগীতশিল্পী আঁখি আলমগীর। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। সেখানে মূলত তিনটি স্টেজ শোয় সংগীত পরিবেশন করবেন। অন্যদিকে শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ফোবানা সম্মেলনে অংশগ্রহণসহ আরো কিছু অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন। তবে শ্রোতাদর্শকের জন্য ৭ সেপ্টেম্বর ছিল দারুণ এক চমক। সেদিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার পেনসিলভানিয়ার আপার ডার্বিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভানিয়া’ আয়োজিত ‘বাংলাদেশ প্যারেড ও মেলা ২০২৪’-এ একই মঞ্চে দীর্ঘ এক যুগ পর সংগীত পরিবেশন করেছেন আঁখি আলমগীর ও দিনাত জাহান মুন্নী।
চার হাজারেরও বেশি দর্শকের সামনে তারা দুজন সংগীত পরিবেশন করেন। একই মঞ্চে আঁখি আলমগীর ও দিনাত জাহান মুন্নীকে পেয়ে দর্শকের মধ্যেও ছিল ভীষণ উচ্ছ্বাস। দুজনই যখন গান গাইছিলেন, উপস্থিত সব দর্শক ভীষণ আনন্দের মধ্য দিয়ে তাদের পরিবেশনা উপভোগ করেন। মঞ্চে আঁখি আলমগীর পরিবেশন করেন ‘তুমি আমার কত চেনা’, ‘ওরে পিরিতি বিষের কাটা’ ও ‘ভালো আছি ভালো থেকো’ গানগুলো।
অন্যদিকে দিনাত জাহান মুন্নী পরিবেশন করেন ‘সেই রেল লাইনের ধারে’, ‘সব কথা বলে না হৃদয়’, ‘বকুল ফুল’ ও ‘বন্দে মায়া লাগাইছে’ গানগুলো। অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্র থেকে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আঁখি আলমগীর বলেন, ‘এবার মূলত তিনটি শোয় সংগীত পরিবেশনের জন্য যুক্তরাষ্ট্রে এসেছি। আশা করছি ১২-১৩ সেপ্টেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ। যে কতগুলো শোয় অংশ নিয়েছি, সবকটিই ছিল ভীষণ পরিপাটি ও চমৎকার। বিশেষ করে ফিলাডেলফিয়ায় আয়োজনটি ছিল অনেক বড়। আমার কাছে সংগীত পরিবেশন করতে খুব ভালো লেগেছে। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
দিনাত জাহান মুন্নী বলেন, ‘ঠিক একযুগ আগে এ ফিলাডেলফিয়ায় আমি আর আঁখি একই মঞ্চে সংগীত পরিবেশন করেছিলাম। এক যুগ পর আবারো একই স্থানে একই মঞ্চে করছি। শো শেষে আমরা আগের শোয়ের স্মৃতিচারণ করছিলাম। তবে এবারের আয়োজন আগের চেয়ে অনেক বড় ও গুছানোও ছিল। সব মিলিয়ে প্রবাসী বাংলাদেশীদের এক দারুণ মিলনমেলা ছিল এটি। ধন্যবাদ চ্যানেল আইকে অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে থাকার জন্য। ধন্যবাদ রাশেদ ভাইকে।’










