জুলাইজুড়েই চলেছে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা আন্দোলন। আগস্টে এসে আওয়ামী সরকারের পতন হয়। শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকেই কার্যত অবরুদ্ধ থাকে সব। শোবিজেও এর প্রভাব পড়েছে। নাটক-সিনেমার সব ধরনের কাজ বন্ধ থাকে। তাসনিয়া ফারিণ অভিনীত স্বল্পদৈর্ঘ্য সিনেমা একটি খোলা জানালা। এটি গত মাসেই ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়ার কথা ছিল। প্রচারণার অংশ হিসেবে প্রকাশ করা হয় ট্রেলার ও পোস্টার। অন্তর্জালে ট্রেলারটি বিপুল সাড়াও পেয়েছিল। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে এটি মুক্তি পায়নি।
এ আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল তৎকালীন ক্ষমতাসীন সরকার। এতে বন্ধ হয়ে যায় ওটিটির সব কার্যক্রম। বর্তমানে ফিরে এসেছে ইন্টারনেট। শুরু হয়েছে ওটিটির কার্যক্রমও। অস্থিতিশীল পরিস্থিতিতে আটকে রাখা সব কনটেন্ট ফের মু্ক্তি দেয়া নিয়ে ভাবছে কর্তৃপক্ষ। তাই নতুন করে জানা গেল একটি খোলা জানালার মুক্তির তারিখ। ২২ আগস্ট মুক্তি পাচ্ছে নির্মাতা ভিকি জাহেদের এ স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এতে আরো অভিনয় করেছেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া।
এছাড়া কলকাতায় ‘আরো এক পৃথিবী’ নামে একটি সিনেমা করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পেয়েছিলেন নবাগত অভিনেত্রী হিসেবে পুরস্কার। ওটিটি প্লাটফর্মের সুবাদে পশ্চিমবঙ্গের দর্শকও তাসনিয়ার অভিনয়ের সঙ্গে পরিচিত। ‘কারাগার’ ও ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিল। সে সিনেমা নিয়ে অনেক বেশি আলোচনাও হয়েছিল।
এদিকে কলকাতায় ‘প্রতীক্ষা’ নামের আরেকটি সিনেমায় তার সঙ্গে থাকছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক দেব। নির্মাণ করছেন অভিজিৎ সেন।
জানা গেছে, একটি পারিবারিক গল্প নিয়ে নির্মাণ হবে সিনেমাটি। তবে এর কাহিনী বিস্তারিত খোলাসা করতে চাইলেন না নির্মাতারা। ছবির নামের মধ্যেই কাহিনীর নির্যাস লুকিয়ে আছে, এটুকুই বোঝা গেল। একটা সময় শোনা গিয়েছিল, এ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব থাকবেন। সেইমতো প্রসেনজিতের সঙ্গে কথাবার্তাও এগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মিঠুন ও দেবের পরীক্ষিত ম্যাজিকেই আস্থা রেখেছেন নির্মাতারা।
এখনো চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তারা। প্রতীক্ষার চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। অতনুর প্রযোজনার বাইরে অন্যত্র কাজ করতে এখনো দেখা যায়নি অভিজিৎকে।
প্রতীক্ষার শুটিং শুরু হবে আগামী নভেম্বরে। ছবির সিংহভাগ শুটিং হবে লন্ডনে। কলকাতায়ও কিছু অংশের শুট হবে। বেঙ্গল টকিজের সিনেমা সাধারণত শীতের ছুটিতে মুক্তি পায়। তবে এবার তা হচ্ছে না।










