দেশে প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ১৫ জুলাই ২০২৪ পথচলার ২৭ বছর পূর্ণ করে ২৮ বছরে পা রাখছে চ্যানেলটি। ‘অবিরাম বাংলার মুখ’ স্লোগানকে বুকে ধারণ করে ১৯৯৭ সালের ১৫ জুলাই যাত্রা করে এ চ্যানেল। ওইদিন বিশ্বব্যাপী প্রথম বাংলা ভাষার সম্প্রচার ঘটে চ্যানেলটির মাধ্যমে। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং অনুষ্ঠান প্রচারে এটিএন বাংলা এখন পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখেছে।
বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ১৫ জুলাই এটিএন বাংলার কার্যালয়ে বেলা ১১টা থেকে স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যরা, সংসদ সদস্য, মেয়র, রাজনীতিবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিরা ফুলেল শুভেচ্ছা জানাবেন, যা সরাসরি সম্প্রচারিত হবে।
বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠানমালায় সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’, ৯টা ১৫ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘এটিএন মিউজিক’, ১০টা ৩০ মিনিটে প্রচার হবে তথ্যচিত্র ‘এটিএন করপোরেট’, বেলা ৩টায় প্রচার হবে জনপ্রিয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয়তমা’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ড. মাহফুজুর রহমানের বায়োগ্রাফি ‘আমি তোমাদেরই লোক’। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এটিএন বাংলার বিএফডিসি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে ‘এটিএন বাংলা পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৪’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান প্রচারের বিষয়ে বরাবরই প্রাধান্য দিয়েছে চ্যানেলটি। অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের খেলাধুলাকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিতেও এটিএন বাংলা বদ্ধপরিকর। দীর্ঘ পথপরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০০৪ সালের ২২ নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কারখ্যাত এমি অ্যাওয়ার্ড অর্জন। এছাড়া অসংখ্য সম্মাননা রয়েছে চ্যানেলটির প্রাপ্তির তালিকায়।










