কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ। তার আসন্ন সিনেমার নাম ‘মানুষ’। সিনেমাটি পরিচালনা করবেন বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমাদ্দার। জিৎ প্রযোজিত সিনেমাটির প্রথম ঝলক মুক্তি পেয়েছে গতকাল। ৫১ সেকেন্ডের টিজার রহস্য আর অ্যাকশনে ভরপুর।
টিজারের নেপথ্যে জিতকে বলতে শোনা যায়, ‘আমি টাকা নয়, মানুষ গুনি।’ আবার তিনিই পর মুহূর্তে বলেন, ‘মানুষকে বিশ্বাস করা যায় না। আর টাকার ওপর বিশ্বাস হারানো পাপ।’ টিজারে বাংলাদেশী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও সুস্মিতা চট্টোপাধ্যায়কে দেখা গেছে। এছাড়া অভিনেতা জিতু কমলেরও দেখা মিলেছে।
জিৎ ফিল্ম ওয়ার্কস প্রযোজিত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ২৪ নভেম্বর।
সঞ্জয় সমাদ্দারের প্রথম পরিচালিত সিনেমা মানুষ। তবে এ নির্মাতা এর আগে নাটক ও ওটিটি কনটেন্ট নির্মাণ করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন। প্রথম সিনেমা তাও আবার কলকাতায়। এ অভিজ্ঞতা জানতে চাইলে নির্মাতা বলেন, ‘আমার কলকাতার সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার সূচনা মানুষ সিনেমার গল্প থেকে হয়েছিল। মানুষ সিনেমার গল্পটা অসম্ভব সুন্দর। জিতদা গল্পটা শুনেই পছন্দ করেন। মানুষ সিনেমার সংলাপ আমার স্ট্রং।’
টিজারের পর মানুষ সিনেমার গল্পটা জানতে চাইলে নির্মাতা বলেন, ‘এতটুকু বলতে পারি, মানুষের জীবনের গল্প এটি। ইমোশন, অ্যাকশন ও থ্রিলের এক অনবদ্য জার্নি।’
‘ট্রল’, ‘অমানুষ’, ‘যে শহরে টাকা উড়ে’, ‘শিকল’, ‘গেইম ওভার’, ‘পলিটিকস’, ‘শিফট’, ‘সুখ পাখি’ ও ‘দাগ’-এর মতো আলোচিত নির্মাণগুলো করেছেন সঞ্জয় সমাদ্দার। অন্যদিকে ২০০২ সালে ‘সাথী’ সিনেমার মধ্য দিয়ে টলিউডে যাত্রা শুরু করেন জিৎ।










