শোক ও দুঃখ প্রকাশ করলেন থালাপতি বিজয় অভিনেতা হিসেবেই তিনি ছিলেন তুমুল জনপ্রিয়। এরপর সরাসরি রাজনীতিতে চলে গেলেন। সেখানেও পেলেন বাঁধভাঙা জনপ্রিয়তা। এর মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। কারুরে তার রাজনৈতিক র‍্যালিতে পদপিষ্ট হয়ে মারা গেছেন ৩৮ জন। এর মধ্যে ১৬ জন নারী ও ৮ জন শিশু। এছাড়া আহত হয়েছেন ১৫০ জন। ঘটনার বেশ কয়েক ঘণ্টা পর বিজয় আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছেন। শোক প্রকাশ করেছেন তিনি।

বিজয়ের রাজনৈতিক দল তামিলাঙ্গা ভেট্রি কায়াগামের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। পোস্টে লেখা হয়েছে, ‘আমার হৃদয় ভেঙে গেছে। আমি এমন অসহ্য বেদনার মধ্য দিয়ে যাচ্ছি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কারুরে মারা যাওয়া আমার ভাইবোনদের পরিবারের প্রতি আমি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। যারা হাসপাতালে আছেন তাদের দ্রুত আরোগ্যের প্রার্থনা করছি।’

এ ঘটনা নিয়ে জানানো হয়েছে যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিজয়ের ভক্তদের মধ্যে একটা হল্লা শুরু হয়। মূলত তখন তিনি যে ভ্যান থেকে বক্তৃতা দিচ্ছিলেন, তার পেছন থেকেই এ বিশৃঙ্খলা শুরু হয়। বিজয়কে দেখার জন্য তার ভক্তরা গাছের ডালে উঠতে শুরু করেন। গাছের ডাল ভেঙে পড়লে নিচে থাকা মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি হয় এবং তারা দ্রুত জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করলে বেশ কয়েকজন পদদলিত হন।

এ দুর্ঘটনায় আক্রান্তদের প্রত্যেকের জন্য ১০ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা করেেছ রাজ্য সরকার। এদিকে এ দুর্ঘটনার প্রতিক্রিয়ায় রজনীকান্ত, কমল হাসান, মারী সেলভারাজসহ আরো অনেকে শোক প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

টুইটে রজনীকান্ত লেখেন, ‘কারুরের দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যারা মারা গেছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক জানানোর পাশাপাশি আহতদের জানাই সমবেদনা ও তাদের জন্য রইল প্রার্থনা।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস