শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তবে এ সময় একটি কথিত ব্যাংক স্টেটমেন্ট ভাইরাল হয়ে পড়ে, যা রিউমর স্ক্যানার বাংলাদেশ ভুয়া বলে জানায়। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রোববার ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, ‘কে আপনাদের সেই অধিকার দিয়েছে যে মানুষের পছন্দ-অপছন্দ নিয়ন্ত্রণ করবেন? শেখ হাসিনার মতো হওয়ার চেষ্টা করবেন না। তার পতনের পর ভেবেছিলাম মানুষ শিক্ষা নেবে। কিন্তু অহংকার এখনো থামেনি! মানুষ কাকে সমর্থন করবে আর কাকে করবে না, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত।’

তিনি লেখেন, ‘মানুষের নিজস্ব বুদ্ধি আছে। কেউ যদি শেখ মুজিবুর রহমানকে সম্মান করতে চায়, সেটা তাদের অধিকার। শুধু আপনার চিন্তার সঙ্গে না মিললেই কাউকে খারাপ মানুষ হিসেবে ব্র্যান্ড করার কোনো অধিকার আপনার নেই।’

টাকার বিনিময়ে পোস্ট করার অভিযোগকে ‘হাস্যকর সার্কাস’ উল্লেখ করে বাঁধন বলেন, ‘প্রথমে ছড়াল আমি নাকি জুলাই বিদ্রোহে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য ২০০ কোটি টাকা নিয়েছি! এবার নতুন গুজব ছড়াচ্ছেন শেখ মুজিব নিয়ে পোস্ট করার জন্য নাকি আমরা ২০ হাজার টাকা পেয়েছি! সত্যি? ২০০ কোটি থেকে ২০ হাজার! এত বড় ঝুঁকি কি কেউ এমন অল্প টাকার জন্য নেয়?’

মানুষের কণ্ঠরোধ না করার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘এখন আর মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন না—না মিথ্যা দিয়ে, না গুজব দিয়ে, না হুমকি দিয়ে। একজন প্রকৃত নেতা মানুষকে নিয়ন্ত্রণ করেন না, অনুপ্রাণিত করেন। মানুষের কণ্ঠরোধ করেন না, বরং তাঁদের কথা শোনেন। ক্ষমতার ভ্রম ছেড়ে দিন, নইলে ইতিহাস এবার আরও নির্মমভাবে আঘাত করবে।’

সবশেষে বাঁধন সতর্ক করে বলেন, ‘একজন প্রকৃত নেতা হোন, একজন প্রকৃত মানুষ হোন। নইলে শেখ হাসিনার আরেকটি ব্যর্থ কপি হয়ে থেকে যাবেন। সেই ট্র্যাজেডির সিক্যুয়াল কারও দরকার নেই।’