ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অঙ্গরাগ মহন্ত। তবে পাপন নামেই তিনি বেশি পরিচিত। ভারতের অসমিয়া এ শিল্পী হিন্দি, অসমিয়া গানের পাশাপাশি বাংলা গানও গেয়েছেন বেশকিছু। সম্প্রতি এ শিল্পীর রাহি রে গানটি মুক্তি পেয়েছে আর্থ আওয়ার অনুষ্ঠানের মধ্য দিয়ে। এ সময়ে তিনি গানের পাশাপাশি প্রকৃতির প্রতি তার ভালোবাসা এবং এর রক্ষণাবেক্ষণ নিয়ে কথা বলেছেন।

পাপন জানান, সংগীত যদি তার প্রথম প্রেম হয়, তবে প্রকৃতি তার দ্বিতীয় প্রেম। তিনি বলেন, ‘আমি একজন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু। যেখানেই যা-ই না কেন, আমি আশপাশের জায়গা ও প্রকৃতিকে খুঁজে বেড়ানোর চেষ্টা করি।’ এ কারণেই তিনি পরিবেশ রক্ষা ও সংরক্ষণের প্রয়োজনীয়তা দৃঢ়ভাবে অনুভব করেন।

এ গানের কথা ও মিউজিক ভিডিওতে পাপন জোর দিয়েছেন পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবার সচেতনতার কথাও জানিয়েছেন। একজন শিল্পী হিসেবে পাপন তার সচেতনতার বার্তা জনমনে ছড়িয়ে দেয়ার জন্য চেষ্টা করছেন। কারণ তিনি মনে করেন সংগীতের চেয়ে বড় হাতিয়ার আর নেই।

এ নিয়ে পাপন বলেন, ‘মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সংগীত একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী হাতিয়ার এবং আমি তা করতে চাই। মানুষ তাদের ব্যস্ত জীবনে যে বিষয়গুলো ভুলে যেতে পারে সে সম্পর্কে তাদের সচেতন করার জন্য কিছু করতে চাই।’ পরিবেশের জন্য মানুষের কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

আর্থ আওয়ার অনুষ্ঠানের মাধ্যমে পাপন আরো জানিয়েছেন, যে কেউ চাইলেই তার ব্যক্তিগত উদ্যোগে পরিবেশ রক্ষা করতে পারে। এ বিষয়ে বেশকিছু পদক্ষেপ নিতে পারে। শুধু সরাসরি পরিবেশ নষ্ট করা নয়। অব্যবহৃত লাইট ও ফ্যান বন্ধ করে বিদ্যুৎ শক্তি সংরক্ষণ করা থেকে শুরু করে পানির অপচয় কমানো এবং গাড়ির ব্যবহার কমিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে যে কেউ এবং এ কাজগুলো সবার সচেতন ব্যবহার ও পরিবেশ সংরক্ষণের জন্য খুবই মৌলিক পদক্ষেপ বলেই শিল্পী পাপন মনে করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস