ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। আগামী ঈদ উৎসবে একাধিক সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এ অভিনেত্রীর। শুরু হয়েছে সিনেমার প্রচার-প্রচারণা। সে ধারাবাহিকতায় সরকারি অনুদানের আলোচিত সিনেমা ‘পুলসিরাত’ মুক্তির আগে নাম পালটে হয়ে গেল ‘সরদার বাড়ির খেলা’। আগামী ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এদিকে বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার প্রচারণাও শুরু করেছেন তিনি।

২০২২-২৩ অর্থবছরে পুলসিরাত শিরোনামের সিনেমা সরকারি অনুদান পেয়েছিল। সার্টিফিকেশন বোর্ড জমা পড়ার পর প্রিভিউ কমিটি সিনেমার নাম ইসলামিক বিশ্বাসের সঙ্গে জড়িত থাকায় নাম পরিবর্তনের পরামর্শ দেন। তাই সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে সরদার বাড়ির খেলা। এতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা জিয়াউল রোশান। সিনেমাটি নির্মাণ করেছেন রাখাল সবুজ। সিনেমাটি আসন্ন কোরবানির ঈদে মুক্তির জন্য প্রস্তুত। এর কাহিনী-চিত্রনাট্য সাজিয়েছেন আনন জামান। সিনেমাটি প্রসঙ্গে বুবলী বলেন, ‘এটি একটি ভালো গল্পের সিনেমা। শুটিং করে মজা পেয়েছি। সিনেমাসংশ্লিষ্ট পরিচালক থেকে শুরু করে পুরো টিমকে দারুণ লেগেছে। তারা থিয়েটারের মানুষ। থিয়েটারের মানুষ যখন সিনেমা নিয়ে কাজ করেন, তখন সব কিছুর পরিকল্পনা অন্যরকম হয়। যেটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক। আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে।’

এদিকে রোজার ঈদে মুক্তি না পাওয়ায় বুবলী অভিনীত পিনিক সিনেমা মুক্তি পেতে চলেছে ঈদুল আজহায়। জাহিদ জুয়েল পরিচালিত সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা আদর আজাদ। এ সিনেমা বুবলী-আদর জুটির তৃতীয় কাজ। থ্রিলার, সাসপেন্স ও অ্যাকশনে ভরপুর সিনেমাটিতে প্রাধান্য পেয়েছে জিঘাংসা, প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প। এতে আরো অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু ও আজাদ আবুল কালামের মতো অভিনেতারা।