বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন ঈদের জন্য নির্মিত ‘মহাকালের ঠিক মধ্যিখানে’ টেলিফিল্মে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে দীর্ঘ ২২ বছরেরও বেশি সময় পর অভিনয় করেছেন আফসানা মিমি। টেলিফিল্মটি রচনা করেছেন ফারিয়া হোসেন। পরিচালনা করেছেন আরিফ। এরই মধ্যে এর দৃশ্যধারণের কাজও শেষ হয়েছে। এবার ঈদে চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে। এ প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘যতদূর মনে পড়ে, আজ থেকে ২২ বছরেরও বেশি সময় আগে মিমির সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলাম। এরপর আর কাজ করা হয়ে ওঠেনি। এটি খুবই আলাদা রকমের একটি গল্প। যেহেতু দীর্ঘদিন পর আমি আর মিমি টেলিফিল্মটিতে অভিনয় করেছি, তাই দুজনের মধ্যেই আলাদা রকমের ভালো লাগা ছিল। দুজনের চরিত্রই ভীষণ ইমোশনাল। আবেগপ্রবণ গল্প বলেই আমার কাছে মনে হয়েছে, এটি অন্য নাটকগুলোর মতো নয়। যে কারণে এতে অভিনয় করা।’

আফসানা মিমি বলেন, ‘আফজাল ভাইয়ের সঙ্গে অভিনয় করেছি, এতটুকু বলাই আসলে যথেষ্ট। তবে সত্যি বলতে কী, আজ থেকে ২২ বছরেরও আগে যখন ‘‌‘‌ ভোকাট্টা’’ নাটকে অভিনয় করেছিলাম, তখন ভয় পেতাম। কেন পেতাম জানি না। আর এখন আফজাল ভাইকে বুঝে যেহেতু কাজ করেছি, ভালো না করতে পারার একটা ভয় ছিল। তবে এটা সত্যি, যখন আমাকে আরিফ প্রস্তাব দেয়, তখন আসলে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ ছিল না। এ টেলিফিল্মে কাজ করে যদি অভিজ্ঞতার কথা বলতে হয়, তাহলে বলব, রিহার্সেল করতে গিয়ে আমাকে স্ক্রিপ্টটি আফজাল ভাই নিজ হাতে গুছিয়ে দিয়েছিলেন। এটাই অনেক বড় প্রাপ্তি। বড় মাপের মানুষ যে সবার আপন হয়, তা এ ইউনিটেও বুঝেছি আফজাল ভাইকে দেখে। বিশেষ ধন্যবাদ আরিফ খানকে এমন সুযোগ সৃষ্টির জন্য।’ ২২ বছরেরও বেশি সময় আগে আফজাল হোসেন ও  আফসানা মিমি মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ভোকাট্টা নাটকে অভিনয় করেছিলেন।