আজ মঞ্চে আসছে নাটক ‘রাজার চিঠি’। এদিকে আজ স্মরণ সাহা অভিনীত রাজার চিঠি নাটকটি রাজধানীর শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে নাটকটির ৫০তম মঞ্চায়ন হবে। নাটকটি রচনা করেছেন মাহফুজা হিলালী। নির্দেশনা দেবেন দেবাশীষ ঘোষ।
রাজার চিঠি নাটকের গল্পে দেখা যাবে, ১৯৩৯ সালে শাহজাদপুরের যুবক হরিদাস বসাক রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে চিঠি লিখেছিল। এ নিয়ে তার পরিবার-পরিজন-বন্ধুরা হাসাহাসি করে। কিন্তু দেখা যায়, একদিন রবীন্দ্রনাথ তার সে চিঠির উত্তর দিয়েছেন। এরপর হরিদাস বসাককে সবাই সমীহ করতে শুরু করে। হরিদাসও সাহিত্য-সংস্কৃতির কাজে নিজেকে সঁপে দেয়।
এ নাটকে হরিদাস বসাকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্মরণ সাহাকে। তিনি একজন টিভি অভিনেতা, মডেল ও সিনেমায়ও কাজ করেছেন। একসময় মডেলিং করতেন। বাংলাদেশের মঞ্চনাটকে গত ৩৮ বছর অভিনয় করে আলো ছড়াচ্ছেন স্মরণ সাহা। মঞ্চে নিজেকে যথাযথভাবে প্রস্তুত করেই টিভি নাটক ও সিনেমায় অভিনয়ে মনোযোগী হয়েছেন।
অভিনয় নিয়ে স্মরণ সাহা বলেন, ‘অভিনয়ে নিজেকে যথাযথভাবে প্রস্তুত করেই এ ভুবনে এসেছি। মঞ্চের প্রতি আমার অদম্য নেশা। আমি মঞ্চে সবসময় নিজেকে নতুন রূপে খুঁজে পাই । আমৃত্যু অভিনয় করে যেতে চাই, এটাই আমার স্বপ্ন। যেন মঞ্চেই আমার মৃত্যু হয়।’
স্মরণ সাহা অভিনীত প্রথম টিভি নাটক ছিল সুলতান আহমেদের পরিচালনায় ‘সময়ের অতিথি’। তার অভিনীত প্রথম সিনেমা ছিল সুলতান বাদলের ‘আদরের ছোট ভাই’। বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করে বেশ প্রশংসিত হয়েছেন স্মরণ সাহা। সুজনের নির্দেশনায় একটি প্রতিষ্ঠানের ‘গ্যাস স্টোভ’-এর বিজ্ঞাপনে মডেলিং করে বেশ সাড়া পেয়েছিলেন। জাগরণী থিয়েটারের হয়ে মঞ্চে অভিনয় করে স্মরণ সাহা প্রশংসিত হয়েছেন ‘কেনারাম বেচারাম’, ‘রাজার চিঠি’, ‘বিচ্ছু’, ‘বুদ্ধু’, ‘একটি আধুনিক রাক্ষস’ নাটকে।










