মারা গেছেন ২৫ বছর বয়সী কে-পপ তারকা মুনবিন।
ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করে থাকতে পারেন এই তরুণ। খবর বিবিসি।
পুলিশের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার মিডিয়া
জানিয়েছে, গতকাল বুধবার (১৯ এপ্রিল) রাতে রাজধানী সিউলের অ্যাপার্টমেন্টে মুনবিনকে
মৃত অবস্থায় পান তার ব্যবস্থাপক।
পুলিশ ধারণা করছে, এই তারকা আত্মহননের
পথ বেছে নিয়েছিলেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
মুনবিন শৈশবে সংগীতে তালিমের জন্য যোগ দেন রেকর্ড
লেবেল কোম্পানি ফ্যান্টাজিওতে। অভিনেতা ও মডেল হিসেবে পরিচিতির পর জনপ্রিয় কে-পপ বয়
ব্যান্ড অ্যাস্ট্রোতে যোগ দেন ২০১৬ সালে। মুনবিন অ্যান্ড সানহা নামে একটি উপদলের সঙ্গে
অভিনয়েও যুক্ত ছিলেন তিনি।
মুনবিনের বোন মুন সুয়াও একজন কে-পপ গায়ক,
তিনি গার্ল গ্রুপ বিলির হয়ে পারফর্ম করেন।
গত কয়েক বছরে বেশ কয়েকজন কে-পপ গায়কের
রহস্যজনক মৃত্যু হয়েছে।
২০১৯ সালে গায়ক ও অভিনেত্রী গু হারাকে
সিউলে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তার ঘনিষ্ঠ বন্ধু কে-পপ তারকা সুলি একই
বছরে অনলাইন বুলিংয়ের কারণে আত্মহত্যা করেন।
এর আগের বছর হান্ড্রেড পারসেন্ট ব্যান্ডের
মিনউও বাড়িতেই মারা যান। তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন বলে প্রচার
হলেও মৃত্যুর সঠিক কারণ নিয়ে গুঞ্জন রয়েছে গেছে। ২০১৭ সালে সালে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে
বড় বয় ব্যান্ড শাইনির সদস্য জংহিউন মারা যান।
উন্নত দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ায়
যুবকদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। দেশটির সামগ্রিক আত্মহত্যার হার কমলেও
২০ বছর বয়সীদের মৃত্যু বাড়ছে।










