ভারতে ছবির তারকারা যত বিখ্যাত, পরিচালকরা মোটেও তেমন খ্যাতি পান না। এক্ষেত্রে করণ জোহরকে অবশ্যই ব্যতিক্রম বলতে হবে। করণ নিজেই তারকা। তার ফ্যাশন, ছবি সবই মিডিয়ায় আলোচিত। বলিউডের দর্শকদের কাছেও। করণের পরিচালনায় কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম, কাভি আলবিদা না কেহনা, মাই নেম ইজ খান ছবিগুলো শুধু হিটই হয়নি, বরং গান, গল্প আর স্টাইলের কারণে দর্শকরা সেগুলো মনেও রেখেছেন।
২০১৮ সালের আগস্টে করণ জোহর যখন তাখত ছবির পরিকল্পনা ঘোষণা করেন তখন এর প্লট নিয়ে দর্শকরা রোমাঞ্চিত হয়েছিলেন। মোগল সম্রাট শাহজাহানের সন্তানদের মধ্যে সিংহাসন দখলের লড়াই নিয়ে এ ছবি। এ ঐতিহাসিক ড্রামা ছবিতে রণবীর সিং, কারিনা কাপুর, আলিয়া ভাট, অনিল কাপুর, জাহ্নবি কাপুর, ভিকি কৌশল, ভূমি পেড়নেকরের অভিনয় করার কথা ছিল। হ্যাঁ, সবই এখন অতীত বিবেচনায় বলতে হচ্ছে। করণ জোহর তার এ উচ্চাভিলাষী প্রকল্পকে স্থগিত করেছেন। হতে পারে ছবিটি আর কখনই নির্মিত হবে না।
বলিউড হাঙ্গামা জানাচ্ছে, এ রকম হওয়ার পেছনে বেশকিছু কারণ আছে। প্রথমত, এটা খুবই ব্যয়বহুল ছবি হতো। বাজেট ছিল ২৫০-৩০০ কোটি রুপি। কিন্তু মহামারীর কারণে আরো অনেক প্রযোজকের মতো করণের ব্যবসায় মন্দা যাচ্ছে। অন্যদিকে ব্রহ্মাস্ত্রের মতো ব্যয়বহুল ছবির কাজ চলছে। এছাড়া তার প্রযোজনায় আরো কিছু ছবি মুক্তির অপেক্ষায় আছে। এমন পরিস্থিতিতে তাই করণ তাখতের মতো বড় বাজেটের ছবি শুরু করতে পারছেন না।
শুরু থেকেই তাখতের জন্য কোনো স্টুডিও রাজি হয়নি। শোনা গিয়েছিল ফক্স স্টার স্টুডিও ছবির সঙ্গে আছে। কিন্তু এখন জানা যাচ্ছে এমনটা কখনই ছিল না। করণ ফক্সকে যুক্ত করতে চেয়েছিলেন কিন্তু তার চেষ্টা সফল হয়নি।
অন্যদিকে তাখতের বিষয়বস্তু মোগল ইতিহাস। ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছবি নিয়ে হঠাৎ যেকোনো ধরনের ঝামেলা শুরু হয়ে যেতে পারে। এমন ঝুঁকিপূর্ণ প্রকল্পে তাই বড় বিনিয়োগ করাটা এখন সম্ভব হচ্ছে না করণের জন্য—এমনটাই মনে করছেন বলিউড-সংশ্লিষ্টরা। তাই তাখতকে আপাতত তাকে তুলে রাখছেন করণ। ধারণা করা হচ্ছে, কয়েক বছর পর তিনি ছবিটি নিয়ে আবার কাজ শুরু করবেন।
সূত্র: বলিউড হাঙ্গামা










