সনু সুদ এখন কাজ করছেন তেলেগু ছবি আল্লুডু আধুরসে। ছবির পরিচালক সন্তোষ শ্রীনিবাস। তবে কৌতূহলোদ্দীপক একটি ঘটনা ঘটছে এ ছবিতে। শুরুতে ছবির কাহিনী নিয়ে যে পরিকল্পনা ছিল তা বেশ বদলে গেছে। ছবিতে সনু সুদের চরিত্র যতটা সময় দেখানোর পরিকল্পনা ছিল, এখন তার চেয়ে অনেক বেশি দেখানো হবে। এমনকি এখন ছবির মূল চরিত্রে অভিনয় করা সাই শ্রীনিবাস বেলামকোন্ডার চেয়ে সনুর চরিত্র ছবিতে শক্তিশালী হয়ে দেখা দেবে।

ছবিতে নতুন করে দুটো গান যুক্ত করা হয়েছে সনু সুদের জন্য। বলিউড হাঙ্গামা সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে, ‘কভিড মহামারীকালীন সনুর বিভিন্ন কাজ তাকে যে সুপারহিরোর ইমেজ এনে দিয়েছে, তার সঙ্গে খাপ খাওয়াতে পুরো ছবিকে নতুন চেহারা দেয়া হয়েছে। আগে শুট করা হয়েছিল এমন অনেক দৃশ্য নতুন করে লিখে পুনরায় শট নেয়া হবে। নতুন অনেক দৃশ্যও যোগ হয়েছে। একটা দীর্ঘ অ্যাকশন দৃশ্য ধারণ করা হয়েছে, যা শুরুতে মূল চিত্রনাট্যে ছিলই না। সনুর জন্য দুটো গানও যুক্ত হয়েছে। প্রযোজক ও পরিচালকরা মনে করেছেন, সনু নতুন করে যে সুখ্যাতি অর্জন করেছেন, তা বিবেচনায় নিতে হবে নতুবা ছবির দর্শকরা হতাশ হতে পারেন।’

পুরো বিষয়টি নিয়ে কথা বলতে সনু সুদের সঙ্গে যোগাযোগ করে বলিউড হাঙ্গামা। সনু বলেন, ‘গত এক বছরে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে এবং সবই ইতিবাচক। আর অভিনয় জীবন নিয়ে যদি বলতে হয় তাহলে বলব আর কোনো খলচরিত্র নয়। এখন থেকে আমি শুধু ইতিবাচক চরিত্রে অভিনয় করব। চরিত্রগুলোর পেছনে লেখকের মনোযোগ থাকতে হবে। আমি অনেক ভালো চরিত্রের প্রস্তাব পাচ্ছি। বছরে অন্তত কয়েকটা ছবি করার জন্য আমাকে সময় ধরে কাজ করতে হবে।’

সম্প্রতি সনুকে পশ্চিম বাংলার করিমুল হক বা ‘বাইক দাদা’র চরিত্র করার প্রস্তাব দেয়া হয়েছে। করিমুল হক গ্রামের অসুস্থদের তার মোটরবাইকে করে হাসপাতালে পৌঁছে দেন।

 

সূত্র: বলিউড হাঙ্গামা