দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে ভীষণ উদ্বিগ্ন প্রখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী ও প্রযোজক ববিতা। ৫ আগস্ট ছিল ‘ববিতা দিবস’। দিনটি গত বছর থেকে যুক্তরাষ্ট্রের ডালাসে উদযাপন হয়ে আসছে। এ বছরও উদযাপিত হয়েছে। তবে ববিতার ইচ্ছে থাকলেও সেখানে এবার যাওয়া হয়নি। ৯ আগস্ট ববিতা কানাডা যান তার একমাত্র সন্তান অনিকের কাছে। সেখানে গিয়েও তার মন একেবারেই ভালো নেই। বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ভীষণ মন খারাপ তার। তবে বন্যাদুর্গত এলাকার মানুষকে সহযোগিতা করতে এবার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ কেউ কেউ ব্যক্তিগতভাবে এগিয়ে আসছে, এটাই অনেক সাহসের বিষয়, এমনই অভিমত ববিতার। ববিতা বলেন, ‘প্রতিটি মুহূর্ত কানাডায় অনেক উৎকণ্ঠা, উদ্বিগ্নতার মধ্য দিয়ে কাটছে। নানা সংবাদমাধ্যমে তো খবর শুনছি, পাশাপাশি আমার পরিবারের সদস্যদের কাছ থেকেও আপডেট নিচ্ছি। বাংলাদেশে স্মরণকালের এ বন্যা প্রতিরোধে সব শ্রেণীর মানুষ যেভাবে কাঁধে কাঁধ রেখে সম্মিলিতভাবে কাজ করছে, তাতে আবারো প্রমাণিত হয়েছে বাংলাদেশীরা জীবন বাজি রেখে কাজ করতে পারে।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্যাদুর্গত এলাকায় গিয়ে বন্যাকবলিত মানুষকে উদ্ধার করছে, আবার তারা খাদ্যও সরবরাহ করছে। নিরাপদ জায়গায় এনে বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। কেউ কেউ ব্যক্তিগভাবে ফান্ড সংগ্রহ করে নানা ধরনের খাবার নিয়ে বন্যাদুর্গতদের পাশে থাকছে। সবার মধ্যে যে এদের পাশে থাকার আন্তরিক প্রচেষ্টা, এটাই বাংলাদেশীদের চিরায়ত রূপ। আল্লাহর কাছে দোয়া করি, দ্রুত যেন বন্যা থেকে আমরা পরিত্রাণ পাই।’
উল্লেখ্য, দীর্ঘদিন ববিতাকে নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না। তার কাছে বেশ কয়েকজন পরিচালক গল্প শোনাতেও গিয়েছিলেন। কিন্তু কোনো গল্পই তার মন ছুঁয়ে যায়নি। যে কারণে তাকে নতুন সিনেমায় দেখার সুযোগও হয়ে ওঠেনি। আদৌ আর ববিতাকে নতুন সিনেমায় দেখা যাবে কিনা তা এখন সময়ের ব্যাপার।










