৯৩তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর বসবে আগামী ২৫ এপ্রিল। আর ১৫ মার্চ ঘোষিত হলো বিভিন্ন বিভাগে অস্কারের মনোনয়ন। এবার অস্কারের এ মনোনয়ন ঘোষণা করেছেন ভারতীয় তারকা প্রিয়াংকা চোপড়া ও তার স্বামী নিক জোনাস। তালিকায় স্থান করে নিয়েছে প্রিয়াংকা চোপড়া ও রাজকুমার রাওয়ের ছবি ‘দ্য হোয়াইট টাইগার’। সেরা অ্যাডাপটেড স্ক্রিনপ্লে বা সংগৃহীত চিত্রনাট্য বিভাগে জায়গা করে নিয়েছে প্রিয়াংকা চোপড়া জোনাস প্রযোজিত ও অভিনীত ছবি ‘দ্য হোয়াইট টাইগার’।

অস্কারের মনোনয়ন ঘোষণা করতে পারার সুযোগটা যে বিরাট সম্মানের তা আর নতুন করে বলার কিছু নেই। একজন এশীয় হয়ে সে সুযোগ পাওয়াটা আরো নতুন মাত্রা যোগ করে। প্রিয়াংকা চোপড়া যে যথার্থই আন্তর্জাতিক তারকা হয়ে উঠেছেন সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল এ ঘটনায়।

অস্কারের মনোনয়ন ঘোষণা করতে গিয়ে প্রিয়াংকা চোপড়া পরেছিলেন নীল রঙের পোশাক। এখন আলোচনা চলছে তার এ পোশাক নিয়ে। তার পরা পোশাক এখন ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠছে। ভক্তরা অনুসরণও করেন। ৩৮ বছরের এ অভিনেত্রী সেদিন নীল রঙের হল্টার-নেক একটি পোশাক পরেছিলেন। পোশাকের নিচের অংশে ছিল একাধিক লেয়ার এবং হাঁটুর অংশটা বিশেষভাবে ডট ডিজাইন করা।

অস্কারের মনোনয়ন ঘোষণা করতে গিয়ে প্রিয়াংকা যে পোশাকটি পরেছিলেন তার ডিজাইনার গ্রেটা কনসটেনটাইন এবং এটি চলতি বছরের স্প্রিং কালেকশান। পোশাকটির মূল্য ১ লাখ ৭৬ হাজার ৯১৪ রুপি। উল্লেখ্য, গ্রেটা কনসটেনটাইন কানাডীয় ডিজাইনার।

এদিন প্রিয়াংকা আরো পরেছিলেন সেমার হ্যালিমেহর হীরার কানের দুল, নীল বুলগারি ঘড়ি ও ককটেল রিং। অন্যদিকে নিক জোনাস পরেন উজ্জ্বল হলুদ রঙের স্যুট।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস