এসময়ের অন্যতম প্রিয় মুখ নাজনীন নীহা। নীহা বেছে বেছে ভালো গল্পের নাটকে অভিনয় করেন। অভিনয়ের দুনিয়ায় তার পথচলা খুব বেশি দিনের নয়। কিন্তু অল্পকিছু দিন হলেও তার বেশ কয়েকটি নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। ঠিকঠাক বুঝেশুনেই ভালো গল্পের প্রতি মনোযোগী হয়ে উঠেছেন তিনি।
নীহা বিশ্বাস করেন ভালো গল্পের নাটকই দর্শক বহুকাল মনে গেঁথে রাখেন। চরিত্রও মনে পুষে রাখেন যত্ন করে। তাই ভালো গল্পের দিকেই তার ঝোঁক বেশি। নীহা অভিনীত সর্বশেষ দর্শকপ্রিয় নাটক ছিল গত ভালোবাসা দিবসে প্রকাশিত ‘লাভ লাইন’ নাটকটি। নাটকটি নির্মাণ করেছিলেন প্রবীর রায় চৌধুরী। এটি দুই কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন গত চার মাসের বেশি সময়ে। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন জোভান। আর কোরবানির ঈদে প্রকাশ পেল নীহা অভিনীত জাকারিয়া শৌখিন পরিচালিত নাটক ‘লাভ রেইন’। এতে নীহার বিপরীতে দুই প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও আবু হুরায়রা তানভীর।
নীহা দর্শককে আহ্বান জানিয়েছেন তার অভিনীত নতুন আরো একটি নাটক দেখার জন্য। নতুন নাটকের নাম ‘অবুঝ পাখি’। এতে নীহা অভিনয় করছেন ইয়াশ রোহানের বিপরীতে।
নীহা জানান, শিগগিরই নাটকটি ইউটিউবে প্রচারে আসবে। ‘লাভ রেইন’, ‘অবুঝ পাখি’ প্রসঙ্গে নাজনীন নীহা বলেন, ‘এর আগেও তৌসিফ ভাইয়ার সঙ্গে কাজ করেছি। প্রতিটি নাটকের জন্যই বেশ ভালো সাড়া পেয়েছি। তবে এবারের নাটকের জন্য যেন আরো অনেক বেশি সাড়া পাচ্ছি। তৌসিফ ভাই ভীষণ যত্ন নিয়ে কাজ করেন। তার আবারো প্রমাণ আমাদের লাভ রেইন। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, কারণ তারা আমার অভিনীত নাটকগুলো প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করেন। তাদের রেসপন্সে আমি মুগ্ধ। অবুঝ পাখি নাটকটির গল্পও খুব চমৎকার। এ নাটকও দেখার জন্য দর্শকের প্রতি বিশেষ অনুরোধ রইল।’










