‘খাট্টা মিঠা’র ১৪ বছর পর প্রিয়দর্শনের সঙ্গে কাজ করতে যাচ্ছেন অক্ষয় কুমার। হরর-কমেডি ধাঁচের সেই ছবির নাম ‘ভূত বাংলা’। সাম্প্রতিক এ ঘোষণায় নড়েচড়ে বসা অনেকেই বলছেন, এতেও কি ভাগ্য ফিরবে? কারণ গত দুই বছরের টানা নয়টি ফ্লপ সিনেমায় দেখা গেছে। অবশ্য তুরুপের তাস হয়ে দাঁড়াতে পারে হাতে থাকা ‘ভূত বাংলা’সহ আট সিনেমার যেকোনোটি।

একাধিক দেশাত্মবোধক সিনেমায় আগে দেখা গেছে অক্ষয় কুমারকে, এ নিয়ে ট্রোলের শিকারও হন মাঝে মাঝে। ‘স্কাই ফোর্স’ নামের সিনেমাটিও দেশাত্মবোধক গল্পে নির্মিত। সন্দীপ কেওলানি পরিচালিত ‘স্কাই ফোর্স’-এর প্রেক্ষাপট ১৯৬৫ সালের ইন্ডিয়া-পাকিস্তান যুদ্ধ।

‘সিংহাম অ্যাগেইন’ ঠিক অক্ষয় কুমারের সিনেমা নয়। রোহিত শেঠির এ ছবিতে বীর সূর্যবংশী হয়ে ক্যামিও রোলে ধরা দেবেন অভিনেতা। কপ ইউনিভার্সের কিস্তিটিতে মূল চরিত্রে থাকছেন অজয় দেবগন ও দীপিকা পাড়ুকোন। তেলেগু সিনেমা ‘কান্নাপ্পা’য় দেখা যাবে অক্ষয় কুমার, এখানেও ক্যামিও রোল করেছেন তিনি।

অনেকে বলছেন, ভাগ্য পরীক্ষা করতে পরপর সিক্যুয়েল সিনেমায় নেমেছেন অক্ষয়। তেমন একটি ‘জলি এলএলবি থ্রি’। এ সিনেমায় প্রথম জলি আরশাদ ওয়ার্সিকে দেখা যাবে। ফলে জলি মিশ্র ও জলি ত্যাগীর লড়াই দেখতে মুখিয়ে আছেন অনেকে। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর। আরেক সিক্যুয়েল ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর একঝাঁক তারকার সঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার। শোনা যাচ্ছে এখানেও তার চরিত্র ক্যামিও ধাঁচের। আসছে ‘হেরা ফেরি থ্রি’। এ ছবিতে প্রথম কিস্তির মতো রাজুর চরিত্রে ধরা দেবেন অক্ষয় কুমার।

‘শঙ্করা’ সিনেমায় ব্রিটিশ আমলের আইনজীবী সি শঙ্করন নায়ারের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। ছবিটি পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী। এতে উঠে আসবে ১৯১৯ সালে ঘটা জালিওয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড। এছাড়া ‘বেদাত মারাঠে’ ছবিতে ছত্রপতি শিবাজী মহারাজের চরিত্রে ধরা দেবেন অক্ষয় কুমার। পরিচালনা করছেন মহেশ মাঞ্জরেকর।