ফরাসি ফ্যাশন হাউজ সেইন্ট লরান এবার নামছে সিনেমা নির্মাণের ব্যবসায়। এতদিন হলিউডের বড় তারকারা কান কিংবা অন্য বড় চলচ্চিত্র উৎসবগুলোয় সেইন্ট লরানের পোশাকে লালা গালিচায় আলো ছড়িয়েছেন। এবার সে তারকারা সরাসরি কাজ করবেন এ প্রতিষ্ঠানের ব্যানারে।

বিশ্বখ্যাত এ ফ্যাশন ব্র্যান্ডের চলচ্চিত্র প্রযোজনা বিভাগের নাম হবে সেইন্ট লরান প্রডাকশনস। এ বিভাগের দায়িত্ব নিচ্ছেন হাউজের ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যান্থনি ভাক্কারেল্লো। অনেক পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীরা এখন যুক্ত হচ্ছেন এ নতুন উদ্যোগে। আগামী মে মাসে অনুষ্ঠিত হবে এ বছরের কান চলচ্চিত্র উৎসব। আর এখানেই সেইন্ট লরান প্রডাকশনসের পর্দা উঠবে। তাদের প্রথম প্রডাকশন পেদ্রো আলমোদোভার স্ট্রেঞ্জ ওয়ে অব লাইফ, প্রিমিয়ার হবে কান উৎসবে। তবে এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নয়। এতে দেখা যাবে, এথান হক ও পেদ্রো প্যাসকেলকে দুই বন্দুকবাজের চরিত্রে। ২৫ বছর পর আবার তাদের সাক্ষাৎ হয়। এটুকুই জানা গেছে এখন পর্যন্ত!

ফ্যাশন ব্র্যান্ডটির প্রডাকশন হাউজের পাইপলাইনে আছে আরো দুটি প্রজেক্ট—পরিচালক ডেভিড ক্রনেনবার্গ ও পাওলো সরেনটিনোর। অ্যান্থনি ভাক্কারেল্লো তার বিবৃতিতে বলেছেন, ‘‌এ পরিচালকরা সবসময় আমার চোখ খুলে দেয়ার মতো কাজ করেছেন। তারা সিনেমায় র‍্যাডিকেল ভিশন হাজির করেছেন।’

কানাডীয় পরিচালক ডেভিড ক্রনেনবার্গ কান উৎসবের অন্যতম একজন নির্মাতা। ইতালীয় পরিচালক সরেনটিনোরও কান উৎসবের নিয়মিত চরিত্র। ২০২১ সালে কান উৎসবে দ্য হ্যান্ড অব গডের প্রিমিয়ার হয়েছিল। প্রয়াত ফরাসি ডিজাইনার ইভস সেইন্ট লরান চালু করেছিলেন এ বিশ্বখ্যাত ফ্যাশন ব্রান্ডটি।

সূত্র: হলিউড রিপোর্টার