প্রতি বছরের মতো এবারো আজম খানকে দেখা যাবে ঈদের বিভিন্ন আয়োজনে। এর মধ্যে নাটকই প্রধান। সারা বছরই নাটক, টেলিফিল্ম ও সিনেমায় কাজ করেন তিনি। আজম খান সবসময় জানতে পারেন না, কোন কাজটা কখন কোন চ্যানেলে যাচ্ছে। কোনো কোনো কাজ এখন আবার অনলাইনেও রিলিজ হয়। তবে ঈদের সময়টা একেবারে ভিন্ন। তখন ঈদের জন্য নির্বাচিত নাটক, টেলিফিল্ম, ধারাবাহিকে কাজের ব্যস্ততাও বেড়ে যায়। 

সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করলেও আজম খান কিন্তু মূলত নাটকেরই মানুষ। এবার ঈদে তিনি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। এ নিয়ে আজম খান বলেন, ‘‌শুটিং শুরু করেছিলাম বছরের শুরুতেই। সারা বছরই কম বেশি কাজ করি। এ বছরের কাজগুলোর মধ্যে নানা ধরনের গল্প আছে।’ বিভিন্ন ধারার এ গল্পে তাকে কোন ধরনের চরিত্রে দেখা যাবে তা নিয়ে বলেন, ‘‌বাবার চরিত্রেই বেশি অভিনয় করা হয়। এবারো সে রকম থাকছে। এর বাইরেও নানা চরিত্রে দেখা যাবে আমাকে।’ 

আজম খান জানিয়েছেন, এরই মধ্যে শুটিং করা নাটকের মধ্য থেকে এবারের ঈদ অনুষ্ঠানমালা ও পরবর্তী সপ্তাহে বেশ কয়েকটা কাজ প্রচার হবে। এসব নাটকের মধ্যে রয়েছে নিকুল কুমার মণ্ডলের ‘‌বংশ পরিচয়’ ও ‘‌ঘর জামাই আবশ্যক’, প্রীতি দত্তের ‘‌গিফটেড’, মেহেদী হাসান জনির ‘‌এসো হাত বাড়াও’ ও ‘‌মাক্কু বাবুর্চি’, হামেদ হাসান নোমানের ‘‌মিথ্যা বলা বারণ’ ও আরো কিছু নাটক। 

ঈদে মুক্তি পাচ্ছে আজম খান অভিনীত সুমন ধর পরিচালিত সিনেমা ‘‌শত্রু’। আজম খান জানিয়েছেন, একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে সরকারি অনুদানের চলচ্চিত্র ‘‌লাল শাড়ি’। আজম খান বলেন, ‘‌গল্পটা তাঁতীদের নিয়ে। তারা যে শোষণ বঞ্চনা পার করে আবার ঘুরে দাঁড়াতে পারে সে গল্পটাই বলা হয়েছে। আমার চরিত্রটা বেশ ইন্টারেস্টিং এবং আমরা সবাই খুব আন্তরিকতার সঙ্গে সিনেমাটিতে কাজ করেছি।’