গত শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘সারফিরা’। এটি অক্ষয়ের ক্যারিয়ারের ১৫০তম সিনেমা! সে হিসেবে দারুণ সাড়া ফেলার কথা ছিল। কিন্তু তা হয়নি। সিনেমাটি প্রথম দিন ভারতের বক্স অফিসে আয় করেছে মাত্র ২ কোটি ৪০ লাখ রুপি। এটি তার ক্যারিয়ারের গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন!

অক্ষয় কুমার এখনো নিয়মিত সিনেমা করে যাচ্ছেন। তবে অনেকদিন ধরেই তার সিনেমা পিছিয়ে পড়ছে বক্স অফিসে। নানা চেষ্টার পরও কোনো লাভ হচ্ছে না। যেমন সারফিরা ২ হাজার ৫০০টি পর্দায় মুক্তি পেয়েছে। সর্বোচ্চসংখ্যক পর্দায়ই সিনেমাটি মুক্তি দেয়ার চেষ্টা হয়েছে। কিন্তু দর্শকের অভাবে প্রথম দিনের পর অনেক জায়গায়ই শো বন্ধ হয়ে গেছে। এর মধ্যে অনেক সিনেমা হল সারফিরার শো বন্ধ করে আবার ‘কল্কি ২৮৯৮’কে স্লট দিয়েছে।

অক্ষয় একসময় ছিলেন হিট মেশিন। কিন্তু একই ধারার সিনেমা করা ও একঘেয়েমির কারণে দর্শক তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ‘বেল বটম’, ‘সেলফি’ ও ‘মিশন রানীগঞ্জ’র পর সারফিরা চতুর্থ ছবি, যেটি ৩ কোটি রুপির নিচে আয় করেছে মুক্তির প্রথম দিন। চলতি বছর ঈদে মুক্তি পাওয়া অক্ষয়-টাইগারের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ মুক্তির প্রথম দিন ১৫ কোটি ৬৫ লাখ রুপি আয় করেছিল। তবে সেটি মুক্তি পেয়েছিল ঈদে।

অক্ষয়ের সর্বশেষ হিট সিনেমা ছিল ‘ওএমজি টু’। সিনেমাটি ২০২৩ সালে আগস্টে মুক্তি পেয়েছিল। লড়াই করেছিল ‘গদর টু’র সঙ্গে।

সারফিরা মূলত রিমেক। ২০২০ সালে সুধা কোঙ্গারার তামিল ভাষায় নির্মাণ করেন ‘সুরারাই পোট্রু’। এ সিনেমার অফিশিয়াল হিন্দি রিমেক সারফিরা। তামিল সিনেমায় অভিনয় করেছিলেন সুরিয়া। ‘জি আর গোপীনাথের স্মৃতিকথা সিম্পলি ফ্লাই: এ ডেকান ওডিসি’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

এ সিনেমায় অক্ষয়কে এমন এক ব্যক্তির চরিত্রে দেখা গেছে, যিনি স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের একটি বিমান সংস্থা তৈরির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।

সারফিরা ভালো না করলেও অক্ষয়ের সিনেমা করার হিড়িক থামছে না। এরপর তাকে দেখা যাবে ‘খেল খেল মে’, ‘স্কাই ফোর্স’, ‘সিংহাম এগেইন’, ‘জলি এলএলবি থ্রি’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘শংকারা’, ‘হেরা ফেরি থ্রি’ ও ‘হাউজফুল ফোর’-এ।

সূত্র: এনডিটিভি