দুই বাংলায় মুক্তি পেয়েছে অপি করিম অভিনীত সিনেমা ‘মায়ার জঞ্জাল’। ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন অপি। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম, সোহেল মণ্ডল ও ওয়াহিদা মল্লিক জলি এবং কলকাতার ঋত্বিক চক্রবর্তী, পরান বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ অভিনয় করেছেন মায়ার জঞ্জাল সিনেমায়। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সাজানো হয়েছে এর চিত্রনাট্য।
বাংলাদেশের বিনোদন দুনিয়ার অনেক তারকাই সিনেমাটি দেখার পর ইতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন। এবারে এ তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানভীন সুইটি। সিনেমাটি দেখা অপি করিমের অভিনয় নিয়ে সুইটি বলেন, ‘অপি আমাদের নাট্যাঙ্গনের গর্ব। নিঃসন্দেহে অপি খুব ভালো একজন অভিনেত্রী। তার সিনেমা মায়ার জঞ্জাল এরই মধ্যে উপভোগ করেছি। সিনেমাটির গল্প, নির্মাণশৈলী এবং এতে অপির অনবদ্য অভিনয় আমার কাছে বেশ ভালো লেগেছে। সবাইকে সিনেমাটি দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে।’
সিনেমাটি মুক্তির আগে ঢাকায় প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়েছিল। আয়োজনে অংশ নিতে ঢাকায় এসেছিলন ঋত্বিক চক্রবর্তী। সিনেমাটির কলাকুশলীসহ বাংলাদেশের মিডিয়া অঙ্গনের অনেক তারকায় উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন সুইটিও। একসময়ে ছোট পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন সুইটি ও অপি করিম। এ সময়ে এসেও পর্দায় শক্তভাবে অবস্থান করছেন তারা। সম্প্রতি সুইটি শেষ করেছেন ‘মাইক’ ও ‘রাসেলের জন্য অপেক্ষা’ সিনেমা দুটির কাজ। গত বছর জনপ্রিয় ওয়েব সিরিজ কারাগারে অভিনয় করে নতুন আলোড়ন তৈরি করেছেন সুইটি।










