প্রাচ্যনাটের ৩৭তম প্রযোজনা ‘খোয়াবনামা’। আজ সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটকটি।
‘খোয়াবনামা’র নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজীব। নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।
সাতচল্লিশের দেশভাগের পটভূমিতে তৎকালীন জনমানুষের বিস্তৃত জীবন আখ্যান 'খোয়াবনামা'। প্রখ্যাত ঔপন্যাসিক ও গল্পকার আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস এটি। এই গল্পের মধ্য দিয়ে সময়ের জীবন ও বাস্তবতাকে তিনি তুলে ধরেছেন নিপুণ হাতে।
কাৎলাহার বিলের ধারে ঘন জঙ্গল সাফ করে বাঘের ঘাড়ে জোয়াল চাপিয়ে আবাদ শুরু করার দিনের এক বিকাল বেলায় মজনু শাহর অগুণতি ফকিরের সঙ্গে মহাস্থানগড়ের দিকে যাওয়ার সময় ইস্টইন্ডিয়া কোম্পানির সেপাই সর্দার টেলারের গুলিতে মারা পড়ে মুনসিবয়তুল্লাহশাহ। কাৎলাহার বিলের দুই ধারের গিড়িডাঙা ও নিজ গিড়িডাঙার মানুষ সবাই জানে, বিলের উত্তরে পাকুড় গাছে আসন নিয়ে রাত ভর বিল শাসন করে মুনশি। দূরে কোথা ও ভূমিকম্প হলে যমুনা বদলে যায়। বন্যায় ভেঙে পড়ে কাৎলাহারের তীর। মুনশির নিষ্কণ্টক অসিয়তে চাষিরা হয় কাৎলাহার বিলের মাঝি।
‘খোয়াবনামা’য় অভিনয় করেছেন সাহানা রহমান সুমি, সাখাওয়াত হোসেন রিজভী, মনিরুল ইসলাম রুবেল, চেতনার হমান ভাষা, মিতুল রহমান, মো. সোহেল রানা, তানজিকুন, সাইদুর রহমান শাহীন, রকি খান, ডায়না, শ্রাবণ শামীম, সাইম বিন মুজিব প্রমুখ। গানের সুরে করেছেন রাহুল আনন্দ, সঙ্গীতে নীল কামরুল, কোরিওগ্রাফিতে স্নাতা শাহরিন, মঞ্চে এবি এস জেম ও আলোক ভাবনায় আছেন ঠান্ডু রায়হান।










