পর্দায় হ্যারি পটার ফিরতে পারে ২০২৬ সালে। তবে সিনেমা হলে নয়, ছোট পর্দায়। হ্যারি পটার টিভি সিরিজের প্রথম কিস্তি ২০২৬-এ প্রচার হবে স্ট্রিমিং সাইট ম্যাক্সে (সাবেক এইচবিও ম্যাক্স)। ওয়ার্নার ব্রস ডিসকভারি সিইও ডেভিড জ্যাসলাভ শুক্রবার এ বিষয়ে কথা বলেছেন। সিরিজটি সাত সিজনের তৈরি হবে।
তিনি বলেন, ‘হ্যারি পটার নিয়ে নিরীক্ষা করতে আমরা আগ্রহী।’ জ্যাসলাভ জানান, কয়েক সপ্তাহ আগে তিনি, এইচবিও অ্যান্ড ম্যাক্সের কনটেন্ট বস কেসি বয়েজ, ওয়ার্নার ব্রসের চেয়ারপারসন চেনিং ডানগে লন্ডনে জে কে রাউলিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তিনি আরো বলেন, ‘আমরা জে কে রাউলিং ও তার টিমের সঙ্গে জরুরি আলাপ করেছি। উভয় পক্ষই এ ফ্র্যাঞ্চাইজির পুনরুজ্জীবনে রোমাঞ্চিত হয়েছি। আমাদের আলোচনা সফল হয়েছে। সামনের দিনগুলোর জন্য আমরা দারুণ আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি।’
টিভি সিরিজে কে হ্যারি পটার হচ্ছেন বা অন্য চরিত্রগুলোয় কারা থাকবেন সেসব এখনো নির্ধারণ হয়নি। সিনেমায় যার মুখ হ্যারিকে আদল দিয়েছিল সেই ড্যানিয়েল র্যাডক্লিফ যে সিরিজে থাকছেন না তা নিশ্চিত।
ডানগে ভ্যারাইটির সঙ্গে এক সাক্ষাৎকারে গত মাসে বলেছিলেন, সিরিজের প্রতিটি বইকে কেন্দ্র করে একটি সিজন হবে। তারা এখন লিড কাস্ট কে হবেন তা নিয়ে কাজ করছেন। হ্যারি পটারকে পেয়ে গেলেই বাকি কাজ জোরদারভাবে শুরু হয়ে যাবে। তার কথায় মূল চ্যালেঞ্জ হলো প্রথম দুটো বইয়ের গল্পের হ্যারিকে পাওয়া, এ সময় হ্যারির বয়স ছিল ১১-১২ বছর।
সূত্র: ভ্যারাইটি










