অবশেষে প্রতিবাদে পথে নামলেন বিক্ষুব্ধ কবি ও লেখকরা। এতদিন তারা অনলাইন বা পত্রিকায় লিখে সংহতি জানালেও এবার রাজপথে নেমে প্রতিবাদ করলেন। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে গতকাল সকালে বাংলামোটর বিশ্ব সাহিত্যকেন্দ্রের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা।

এ সময় তারা গণহত্যা ও চলমান নিপীড়নের তীব্র নিন্দা জানান। তারা বলেন, ‘দেশের পরিস্থিতি দেখে আমরা হতবাক। কোনোভাবেই এটিকে স্বাধীন রাষ্ট্র মনে হচ্ছে না। ঘর থেকে বের হওয়ার উপায় নেই। পুলিশ যাকে তাকে ধরে নিয়ে যাচ্ছে।’

বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের ব্যানারে আয়োজিত এ সমাবেশে তারা আরো বলেন, ‘শিক্ষার্থীদের বুকে যেভাবে গুলি করা হয়েছে, তা দেখে আমরা স্তব্ধ। এসব হত্যার দায় সরকারকে নিতে হবে।’

এছাড়া প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন গীতিকার শহীদুল্লাহ্ ফরায়েজী, অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান, কবি টোকন ঠাকুর, মোহাম্মদ নাজিমুদ্দিন, কথাসাহিত্যিক আশরাফ জুয়েল, সাদাত হোসাইন, কিংকর আহসান, রকিব লিখন, নিমগ্ন দুপুর, পথিক রানা, ফরিদুল ইসলাম নির্জন, ফারুক খান, তানিয়া সুলতানা, তানজিম তানিম, নাহিদ যাযাবর, কবি বকুল আশরাফ, কবি আহমেদ মাহমুদ স্বপন, কবি কাজল শাহনেওয়াজ, গবেষক সরোজ মেহেদী, ফটোগ্রাফার সুদীপ্ত সালাম, কবি আবিদ আজম, কবি ইমরান মাহফুজ, কবি মাহফুজা অনন্যা, কবি জব্বার আল নাঈম, সাংবাদিক এহসান মাহমুদ, কবি পলিয়ার ওয়াহিদসহ আরো অনেকে।