দেশের চলমান পরিস্থিতিতে পুলিশ কর্মবিরতিতে যাওয়ায় অনেক রাস্তায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে না। তাই বলে সে জায়গা অরক্ষিত নেই। দায়িত্ব কাঁধে তুলে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন শিক্ষার্থীরা। গত কয়েকদিন সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে নামেন তারা এবং রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়কে কাজ করছেন। বিষয়টি মুগ্ধ করেছে দেশের সাধারণ জনগণ ও তারকাদের। শিক্ষার্থীদের দায়িত্ববোধের প্রশংসা করেছেন অভিনেত্রী তানজিকা আমিন। ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ অভিনেত্রী লিখেছেন, ‘দিনের বেলায় রাস্তায় বের হলেই মন ভালো হয়ে যাচ্ছে।’
২০০৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানারআপ হন অভিনেত্রী ও মডেল তানজিকা আমিন। রুপালি পর্দা দিয়ে দেশের বিনোদন অঙ্গনে পরিচিতি পেয়েছিলেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘বকুল ফুলের মালা’। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় এ সিনেমায় এ অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেন নায়ক রিয়াজ। এরপর নাটকে অভিনয় করলেও দীর্ঘদিন তাকে সিনেমায় দেখা যায়নি।
লম্বা বিরতির পর তানজিকাকে পাওয়া যায় ‘গহীনের গান’ সিনেমায়। মিউজিক্যাল ফিল্মটিতে একেবারে ভিন্ন রূপে হাজির হয়েছিলেন তিনি। হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমায় ক্যামেরার পেছনে কাজ করেছিলেন। এরপর সেভাবে আর বড় পর্দায় দেখা না গেলেও ব্যস্ত আছেন ছোট পর্দা নিয়ে। নাটক, সিনেমা, ওয়েব সিরিজ তিন মাধ্যমেই তার উপস্থিতি রয়েছে। আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর টু’তে মিতু চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন দর্শক-সমালোচকের।
‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তানজিকা আমিন। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও দেখিয়েছেন দারুণ মুনশিয়ানা।










