আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে মালাইকার অভিষেক হয়েছিল। এবার তার যাত্রা হলো অভিনয়ের দুনিয়ায়। বড় বোন মেহজাবীনেরই গল্পে গুণী নির্মাতা মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় ‘সন্ধিক্ষণ’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মালাইকার অভিনয়ে যাত্রা হলো। রাজধানীর উত্তরাসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে গতকাল শনিবার। মালাইকার বিপরীতে আছেন জোভান।
পরিচালক রাজ যেমন মালাইকাকে অভিনয়ের ব্যাপারে শতভাগ সহযোগিতা করেছেন, ঠিক তেমনি অভিনেতা জোভানও মালাইকাকে ইরা চরিত্র ফুটিয়ে তুলতে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। পুরো ইউনিটই ‘সন্ধিক্ষণ’ নিয়ে ভীষণ আশাবাদী। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘জোভান তো পরীক্ষিত অভিনেতা। আমার নির্দেশনায় এর আগে জোভান অনেক ভালো ভালো কাজ করেছে, যাতে তার অভিনয়েও দর্শক ভীষণ মুগ্ধ হয়েছেন। এবার তার সঙ্গে যাত্রা হলো মালাইকার। অভিনয়ে নতুন হিসেবে মালাইকাও ভীষণ চেষ্টা করেছে তার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। নতুন হিসেবে বেশ ভালো করেছে। আমার মনে হয়, মালাইকা যদি অভিনয়ে নিয়মিত হয় তাহলে খুব ভালো করবে। কারণ তার এক্সপ্রেসন, সংলাপ প্রক্ষেপণ খুব ভালো। নির্মাতা হিসেবে আমি আশাবাদী তাকে নিয়ে।’
জোভান বলেন, ‘যেহেতু অভিনয়ে তার প্রথম কাজ সন্ধিক্ষণ। অভিনয় নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে এতটুকু বলব, মালাইকা খুব লক্ষ্মী ও ভদ্র একটা মেয়ে। শুটিংয়ের আগে আমরা একদিন মিটিং করেছি, রিহার্সেল করেছি। দেখলাম যে অভিনয় করার বা শেখার আগ্রহটা ওর মধ্যে আছে। সত্যি বলতে কী সবাইকেই সময় দিতে হয়, তাকেও দিতে হবে, তাহলেই ও ভালো করবে, এটা আমার বিশ্বাস। আর রাজ ভাইয়ার নির্দেশনায় সাড়ে তিন বছর পর কাজ করছি। খুব ভালো লাগছে।’
অভিষেকের অপেক্ষায় থাকা মালাইকা বলেন, ‘সত্যি বলতে কী এ অভিনয়ের জায়গাটা আমার কাছে একেবারেই নতুন। রাজ ভাই নির্মাতা হিসেবে ভীষণ ফ্যাঙ্কলি। যে কারণে খুব সহজে কাজটা করতে পারছি। জোভান ভাইয়াও ভীষণ কো-অপারেটিভ। কাজটা ভালো হচ্ছে। নতুন হিসেবে সবাই আমাকে সহযোগিতা করছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। আশা করছি সন্ধিক্ষণ দর্শকের ভালো লাগবে। আর আমি আগামীতে সবার দোয়া চাই, সহযোগিতা চাই।’










