প্রতি বছরই শারদীয় দুর্গা পূজায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ আয়োজন থাকে। সে ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে এবারের শারদীয় উৎসবেও। আজ বিজয়া দশমী, দিনটি উপলক্ষে নির্মিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘শারদ আনন্দ’। সুমন সাহার গ্রন্থনায় এটি প্রযোজনা করেছেন তানভীর আহমেদ খান। ম্যাগাজিন অনুষ্ঠানটি আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শারদ আনন্দ উপস্থাপনা করেছেন শিপন মিত্র ও পূর্ণিমা বৃষ্টি। গান, নাচ, ফ্যাশন শো, গেম শো, আরতি নৃত্য, ঢাকের বাজনা, সিঁদূর খেলাসহ নানা আঙ্গিকে নির্মিত হয়েছে এটি। এমনটিই জানিয়েছেন অনুষ্ঠানটির প্রযোজক তানভীর আহমেদ খান। তিনি আরো জানান, অনুষ্ঠানের শুরুতে থাকছে শিশুদের অংশগ্রহণে দুর্গা পূজার একটি নতুন গান। ফ্যাশন হাউজগুলো এবারের পূজাতে যে ধরনের পোশাক এনেছে তার ওপর থাকছে ফ্যাশন শো। ঐতিহ্যবাহী ঢাকের বাজনার সঙ্গে থাকছে আরতি নৃত্য। আকাশ সরকারের নির্দেশনায় নৃত্য পরিবেশন করেছেন পূজা সেনগুপ্ত ও তার দল।
এ ম্যাগাজিন অনুষ্ঠানে ‘বছর ঘুরে তুমি আবার এলে মা’ শিরোনামের গানটিতে অংশ নিয়েছেন অনন্যা আচার্য্য, সুস্মিতা সাহা, এপি শুভ, পপি পাল, স্বপ্নীল রাজীব ও অপু রায়। পাঁচজন বাদ্যযন্ত্রীর পরিবেশনায় থাকছে ঢাকের বাজনা। সংগীতশিল্পী শুভ্রদেবের পরিবেশনায় একটি গান। ইভান সোহাগের কোরিওগ্রাফিতে একটি নৃত্যে অংশ নিয়েছেন চিত্রনায়িকা দীঘি। এ নিয়ে জানতে চাইলে দীঘি জানান, শারদীয় দুর্গা পূজায় এমন একটি ম্যাগাজিন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। শারদ আনন্দ অনুষ্ঠানে ফ্যামিলি গেম শো পর্বে অংশ নিয়েছেন প্রাণ রায় ও তার স্ত্রী শাহনাজ কাকলী, দেবাশীষ সরকার ও তার স্ত্রী বিথী সরকার, বিপ্লব সাহা ও তার স্ত্রী সম্পা সাহা। অনিক বোস, কস্তুরী মুখার্জি ও তাদের দলের পরিবেশনায় থাকছে সিঁদুর খেলা ও নবদুর্গা নৃত্য।










