বাংলাদেশের নাটকের নন্দিত মুখ দীপা খন্দকার। নাটকের পাশাপাশি সিনেমায়ও অভিনয় করছেন সমানতালে। এমনকি ওটিটি প্লাটফর্মেও দেখা যাচ্ছে তাকে। গত বছর অনেক ব্যস্ত সময় পার করেছেন তিনি। পেশাদারি কাজ আর সংসার জীবন নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন তিনি। তাই এবার একটু অবসর যাপন করতে পরিবার নিয়ে দীপা খন্দকার গিয়েছিলেন ভিয়েতনামে। সেখানে টানা ১০ দিন কাটিয়ে দেশে ফিরেছেন।

দেশে ফিরেই তিনি ঈদের আগে শেষ হওয়া জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’ সিনেমার ডাবিংয়ের কাজ শেষ করেন। এতে একটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন দীপা। 

ডাবিং শেষে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমি যতগুলো সিনেমায় অভিনয় করেছি, তার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র আমেনা। একেবারেই ভিন্ন ধরনের একটি চরিত্র। নাটকে আমি বহু চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু সিনেমায় সেটা খুব কমই হয়েছে। ঋতুকামিনীতে আমার সিনেমাপ্রেমী দর্শকরা এবার একটু নয়, অনেকটাই ভিন্ন রূপে আমাকে দেখবে। আমি সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী। আমার বিশ্বাস আমেনা চরিত্রে মুগ্ধ হবে দর্শক।’ 

দীপা জানান, প্রাণ সরিষার তেলের বিজ্ঞাপনে মুন্নার নির্দেশনায় ও নিউট্রেলার বিজ্ঞাপনে রুবাইয়াত মাহমুদের নির্দেশনায় মডেল হিসেবে কাজ করেছেন। এ দুই বিজ্ঞাপন তার একেবারেই নতুন বিজ্ঞাপন। বিজ্ঞাপন দুটি শিগগিরই প্রচারে আসবে। এর আগেও দীপা বহু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। এরই মধ্যে হইচইয়ে প্রচার হচ্ছে তার অভিনীত ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘রুমী’।

দীপ্ত প্লের জন্য এরই মধ্যে তিনি শেষ করেছেন মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘হাইড অ্যাণ্ড সিক’ নাটকের কাজ। কোরবানির ঈদে দীপাকে ছোটকাকু সিরিজে ও অনিমেষ আইচের ‘পিছনে তাকাবেন না’য় অভিনয় করতে দেখা গেছে। এদিকে সর্বশেষ তাকে দেখা যায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায়।