বিধু বিনোদ চোপড়া পরিচালিত সিনেমা টুয়েলফথ ফেইল। মুক্তির পর সামান্য সাড়া পেয়েছিল সিনেমা হলে। কিন্তু ওটিটিতে আসার পর মন জয় করেছে আপামর দর্শকের। সিনেমার অভিনেতা বিক্রান্তকে নিয়ে সম্প্রতি একটি পোস্ট করেছেন এর সহকারী পরিচালক জশকুয়ার কোহলি। তিনি জানিয়েছেন শুটিংয়ের সময় একটি দৃশ্যে বিক্রান্ত কান্না থামাতে পারছিলেন না।

তিনি লিখেছেন, ‘আমি দিনটি কোনোদিন ভুলতে পারব না। রেজাল্ট দেয়ার দিনের দৃশ্যটার কথা বলছি। বিক্রান্তকে বারবার হাঁটু গেড়ে বসে পড়তে হচ্ছিল। রি শুট হচ্ছিল দৃশ্য। কিন্তু যতবারই তাকে সেটা করতে হয়েছে প্রতিবারই গভীরভাবে কাঁদছিল বিক্রান্ত। বিষয়টা একদমই অবিশ্বাস্য। দুই টেকের মধ্যে যখন সে উঠে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, তখন বিড়বিড় করে নিজেকে কিছু বলছিল। সে বলছিল, “‍আমি এখানে অক্সিজেন সাপোর্ট ছাড়া এসেছি, তাও আবার খালি পায়ে।’’ মূলত এ সংলাপ মনোজ তার ইন্টারভিউ বোর্ডে বলে।’

বিক্রান্ত তার নিজের যাত্রার সঙ্গে মিল পেয়েছিলেন মনোজের। সে কারণে সিনেমা ও দৃশ্যগুলোর প্রতি তার নিবেদন ছিল অনেক। জশকুয়ার আরো লেখেন, ‘শট শেষ হওয়ার পর বিক্রান্ত বসে ছিল মেঝেতে কিন্তু সে তখনো কাঁদছিল। তখন মেধাকে বিক্রান্ত বলেছিল, “এটা তো আমারো গল্প। ১৯ বছর লেগেছে আমার এ পর্যন্ত আসতে। আমিও এখানে অক্সিজেন সাপোর্ট ছাড়া এসেছি। খালি পায়ে। টুয়েলফথ ফেইল আমারো গল্প”।’

জশ জানান, তার কাছে সিনেমার বাইরের মুহূর্তটা বিশেষ কেননা মনোজ আর বিক্রান্তের গল্পটা এক বিন্দুতে এসে মেলে। তার ভাষায়, ‘মানুষের জীবনের দুটো দিকই তখন চাক্ষুষ করলাম। একটা পরাবাস্তব অবস্থা। মনোজ আর বিক্রান্ত যেন একই সময়ে নিজেদের লক্ষ্যে পৌঁছল।’

সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস