টিএম ফিল্মস প্রযোজিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘নকশিকাঁথার জমিন’ ভারতের ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনয়ন পেয়েছিল। আকরাম খান পরিচালিত ও জয়া আহসান অভিনীত সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করা হয়েছিল গত ২৫ নভেম্বর। এবার ১৯তম বার্সেলোনা হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয় নকশিকাঁথার জমিন। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন জয়া আহসান। জয়া লিখেছেন, ‘আমাদের সিনেমা নকশিকাঁথার জমিন ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার পর এবার মনোনীত হয়েছে ১৯তম বার্সেলোনা হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে।’
উৎসবের তাৎপর্য তুলে ধরে জয়া লেখেন, ‘উৎসবটি মানবাধিকারভিত্তিক সবচেয়ে বড় এবং সবচেয়ে ঘটমান চলচ্চিত্র উৎসবের একটি। এটি শুধু স্পেনেই নয়, বরং সারা বিশ্বের মধ্যে মানবাধিকারের ওপর হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব।’ গতকাল সন্ধ্যা ৬টায় সেখানে সিনেমাটি দেখানো হয়েছে বলে জানিয়েছেন জয়া। নকশিকাঁথার জমিন সিনেমাটি ২০১৮-১৯ সালের সরকারি অনুদানপ্রাপ্ত। দুই বিধবা বোনের জীবনসংগ্রামের সঙ্গে বাংলাদেশের ইতিহাসের এক রক্তঝরা অধ্যায় উঠে এসেছে এ সিনেমায়। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে এনেছেন নির্মাতা। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও সেঁওতি এবং দুই ভাইয়ের চরিত্রে রয়েছেন ইরেশ যাকের ও রওনক হাসান। এছাড়া এ সিনেমায় আরো অভিনয় করেছেন দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।










